অনুব্রত 'কুকথায়' ক্ষুব্ধ! দলত্যাগ করে প্রভাবশালী নেতা বিজেপিতে
বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কুকথার জের। দুবরাজপুর টাউন তৃণমূল সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় এদিন সকালে দল ছাড়ার কথা জানিয়ে দেন।
বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কুকথার জের। দুবরাজপুর টাউন তৃণমূল সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় এদিন সকালে দল ছাড়ার কথা জানিয়ে দেন। একইসঙ্গে বলেন বিজেপির তরফে কোনও রকমে আমন্ত্রণ না থাকলেও, তিনি সেই দলেই যোগ দিতে চলেছেন। রবিবার দলের এক সভা থেকে প্রবীণ এই নেতাকে গিরগিটি বলে কটাক্ষ করেছিলেন অনুব্রত মণ্ডল।

তৃণমূল ছাড়লেন বর্ষীয়ান নেতা
মুখ্যমন্ত্রী দলের পুরনো কর্মীদের ফেরত আনার কথা বলেছিলেন। আর পুরনো নেতা-কর্মী যাঁরা দলে রয়েছেন তাঁদের সম্মান দেওয়ার কথাও বলেছিলেন। সেখানে এক বর্ষীয়ান নেতা দল ছাড়ার কথা ঘোষণা করলেন এদিন সকালে। দুবরাজপুর টাউন তৃণমূল সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, তিনি অসুস্থ শরীর নিয়েও দল ছাড়ছেন, বাধ্য হয়ে। আর আমন্ত্রণ না থাকলেও তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন।

অনুব্রতের বিরুদ্ধে কুকথার অভিযোগ
রবিবার দুবরাজপুরে দলের সভা করেছিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখান থেকেই প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এলাকায় শান্তি মিছিলের পরেই ভাষণে প্রভাত চট্টোপাধ্যায়কে গিরগিটির সঙ্গে তুলনা করেন। নাম না করে বলেন, দুবরাজপুর শহর সভাপতিকে পাওয়া যাচ্ছে না। তিনি থাকলে থাকুন, নাহলে চলে যান। মন্তব্য করেছিলেন অনুব্রত মণ্ডল। যদিও প্রভাত চট্টোপাধ্যায়ের সাফাই অসুস্থ হওয়ার জন্যই তিনি দলের বৈঠকে যেতে পারছিলেন না।

ভোটের পর থেকে ভাঙন শুরু
ভোটের ফল বেরনোর পর থেকে অনুব্রত গড়ে ভাঙন শুরু হয়। লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। এরপরে একাধিক পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সম্প্রতি রামপুরহাটের ডাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানসহ তৃণমূলের পাঁচ সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। এর আগে বোলপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রায় ২ হাজার সাধারণ কর্মী।












Click it and Unblock the Notifications