১৬ নভেম্বর থেকেই বাড়িতেই পৌঁছে যাবে রেশন, বড় ঘোষণা মমতার! মুথ খুবড়ে পড়বে বললেন সুকান্ত
১৬ নভেম্বর থেকেই বাড়িতেই পৌঁছে যাবে রেশন, বড় ঘোষণা মমতার! মুথ খুবড়ে পড়বে বললেন সুকান্ত
একমাত্র দল যারা ইস্তেহারে দেওয়া কথা রাখে। বিধানসভায় দাঁড়িয়ে আজ মঙ্গলবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা বলতে গিয়েই এদিন ফের একবার বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, আমরা অন্যদের মতো বলিনা আচ্ছে দিন! আর তা বলে বুরা দিন দেশের মানুষকে উপহার দিচ্ছে বলেও কটাক্ষ। বিজেপিকে কটাক্ষের পাশাপাশি এদিন তাঁর সরকারের কাজের খতিয়ান আরও একবার মানুষের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার থেকে দুয়ারে সরকার যেভাবে সফল হয়েছে তা অভাবনীয় বলে, দাবি তাঁর।

শুরু হচ্ছে দুয়ারে রেশন
রাজ্য বিধানসভা নির্বাচনের সময় মানুষের দরজাতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা। এবার থেকে আর রেশনের জন্যে দোকানের যাওয়ার দরকার নেই। ভোটের সময় ঘোষণা করা হলেও এখনও তা শুরু হয়নি। বিভিন্ন আইনি জটিলতায় তা আটকে যায়। আর সেদিকে তাকিয়ে এদিন বিধানসভাতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর থেকে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প। পাড়ায় পাড়ায় গাড়িতে করে পৌঁছে যাবে রেশন। রেশন দোকানই দরকারি জিনিস পৌঁছে দেবে বলেও জানিয়েছেন মমতা।

রাজি হচ্ছেন না ডিলাররা
মমতার ঘোষনার পর থেকে একাধিকবার এই প্রকল্প চালু করার জন্যে তারিখ ঘষনা করা হয়। কিন্তু চালু করা যাচ্ছে না। ডিলারদের একাংশের মতে, তাঁদের পক্ষে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া সম্ভব নয়। এই সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের এইপ্রকল্প চালু করা যায় কিনা সেদিকেই নজর। উল্লেখ্য ইতিমধ্যে কয়েকবার এই প্রকল্প চালু করার জন্য পাইলট প্রজেক্ট করা হয়েছে। বেশ কয়েকটি জায়গাতে বাড়িতেই পৌঁছে দেওয়া হয় রেশন।

মুখ থুবড়ে পড়বে দুয়ারে রেশন!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্পগুলির মধ্যে একটি দুয়ারে রেশন ব্যবস্থা। যেভাবেই হোক এই ব্যবস্থাকে চালু করতে চান তিনি। আর সেই সিদ্ধান্তকেই কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে তিনি বলেন, "দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে রেশন ডিলাররা আদালতে গেছেন। এই প্রকল্প বেশিদিন চলতে পারে না, মুখ থুবড়ে পড়বে।" যদিও বিজেপির কথা কানে নিতে নারাজ তৃণমূল।

ভ্যাকসিন নিয়েও সরকারকে তোপ!
এদিন ফের একবার ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ১৪ কোটি ভ্যাকসিনের দরকার ছিল। যদিও এখনও পর্যন্ত রাজ্যের ৮ কোটি মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। কিছু কেনা হয়েছিল বলে এই সংখ্যাটা পার করা গিয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র রাজ্য যারা একটুও ভ্যাকসিন নষ্ট না করে এত মানুষকে দিয়েছে বলেও দাবি তাঁর। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে রাজ্য তিন নম্বর আছে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications