আনিসের বাড়িতে বোলান-কৌশিক-বিকাশ! ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ ডিজিপির
আনিসের বাড়িতে বোলান-কৌশিক-বিকাশ! ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ ডিজিপির
ছাত্র নেতা (student leader) আনিস খানের (Anis Khan) মৃত্যু নিয়ে এদিন সারাদিনই উত্তপ্ত হাওড়ার আমতা (Amta)। এসএফআই-ডিওয়াইএফআই-এর আমতা থানা ঘেরাওয়ের পাশাপাশি এদিন রাজাবাজারেও অবরোধ হয়। এদিন আনিসের বাড়িতে যান বোলান গঙ্গোপাধ্যায় এবং কৌশিক সেন। বাড়িতে গিয়ে আনিসের বাবার সঙ্গে কথা বলেন রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যও। অন্যদিকে এদিন ভবানীভবনে হাওড়া গ্রামীনের এসপিকে ডেকে পাঠিয়ে বৈঠক করেন ডিজিপি। এরপর ঘটনার তদন্তভার ডিএসপি পদমর্যাদার আধিকারিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমতি ছাড়া কীভাবে ময়নাতদন্ত?
আনিস খানের বাবা এখনও নিজের দাবিতেই অনড়। একদিকে তিনি যেমন অভিযোগ করছেন, পুলিশই তাঁর ছেলেকে খুন করেছে, অন্যদিকে তিনি এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতেও অনড় রয়েছেন। পাশাপাশি পুলিশের তড়িঘড়ি ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিজেদের আড়াল করতেও পুলিশ এই কাজ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই কারণেই পুলিশি তদন্তে তিনি বিশ্বাস করতে পারছেন না বলে জানিয়েছেন।

আনিসের বাড়িতে বোলান-কৌশিক-বিকাশ
এদিন নিহত আনিসের পরিবারের পাশে দাঁড়িতে তাঁদের বাড়িতে যান বোলান গঙ্গোপাধায় এবং কৌশিক সেন। তাঁর বাবার সঙ্গে কথা বলে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। দোষীদের অবিলম্বে গ্রেফতারেরও দাবি করে তাঁরা। অন্যদিকে আনিসের বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে কথা বলেন সিপিএম-এর রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যের অধীনে কোনও তদন্ত নয়, নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করে আদালতে আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশকে ঘিরে বিক্ষোভের মধ্যেই এসপিকে তলব ভবানী ভবনে
এদিনও আমতায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শুক্রবার রাতে বাড়িতে পুলিশ না যাওয়ার অভিযোগও করেন তাঁরা। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠা এবং তদন্তে গাফিলতির অভিযোগ ওঠায় এদিন ভবানীভবনে তলব করা হয়েছিল হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে। সেখানে রাজ্য পুলিশের ডিজি তাঁর সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করেন। ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। এই মামলার গুরুত্ব বিবেচনা করে ডিএসপি পদমর্যাদার আধিকারিকের হাতে তদন্তভার তুলে দেওয়ার কথা জানানো হয়েছে ভবানীভবনের তরফে।

আমতা থানায় বিক্ষোভ এসএফআই-ডিওয়াইএফআই-এর
এদিন আনিসের মৃত্যুর প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই-এর তরফে আমতা থানা ঘেরাও করা হয়। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙেও ফেলেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের তরফে আমতা থানায় ডেপুটেশন দেওয়া হয়।

রাজাবাজারেও বিক্ষোভ এসএফআই-ডিওয়াইএফআই-এর
এদিন আনিসের মৃত্যুর প্রতিবাদ করে রাজাবাজারে পথ অবরোধ করে এসএফআই-ডিওয়াইএফআই। উত্তরপ্রদেশে বিজেপি সফল এনকাউন্টার মডেলের সফল রূপায়ন পশ্চিমবঙ্গে হচ্ছে বলে অভিযোগ করেছন ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। পুলিশ কেন আনিসের বাবাকে নিয়ে বসিয়ে অপরাধীদের স্কেচ আঁকাচ্ছে না প্রশ্ন করেছেন সৃজন।












Click it and Unblock the Notifications