স্কুল ব্যাগে পুরিয়া, বেবি-ফুডে মাদক! মালদহে চাঞ্চল্যকর পাচারচক্রের পর্দাফাঁস, উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য
যে মালদহ জেলা শুধুমাত্র আমের জন্য পরিচিত, সেখানেই এখন মাথা তুলেছে বড় মাদকচক্র। পুলিশের তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। স্কুল ব্যাগ থেকে শুরু করে বই খাতার ফাঁক, এমনকি বেবি ফুডের আড়াল ব্যবহার করে পাচার হচ্ছে মাদক।

সম্প্রতি ইংরেজবাজার-এর কুমারপুর এলাকায় অভিযান চালানোর পরে প্রায় ১৭ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে মালদহ জেলা পুলিশ। অভিযোগ উঠেছে যে, উত্তর-পূর্বের অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম সহ বিভিন্ন রাজ্য থেকে কাঁচামাল এনে মালদহে তৈরি করা হচ্ছে মাদক। তারপর সেগুলি পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তদন্তে উঠে এসেছে যে, এই আন্তঃরাজ্য চক্রের মূল মাথা হলেন এনারুল শেখ নামের একজন ব্যক্তি। চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতার এন্টালি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জেরা করার পরে এই চক্রের সাথে জড়িত আরও একাধিক নাম উঠে এসেছে। গোয়া সহ বিভিন্ন রাজ্য থেকেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই পাচারের কাজে ১২ থেকে ১৪ বছরের নাবালকদের ব্যবহার করা হচ্ছে। স্কুল পড়ুয়ারাদের বইয়ের পৃষ্ঠার ফাঁকে ফাঁকে লুকিয়ে ছোট ছোট পুরিয়ায় মাদক পৌঁছে দিচ্ছে স্থানীয় বাজারে। সদ্য মা হওয়া মহিলারাও এই চক্রের মধ্যে জড়িয়ে পড়ছেন। শিশুখাদ্যের আড়ালে চলছে এই পাচার। কেউ কাজ করছেন টাকার লোভে, কেউ আবার নেশার বিনিময়ে এই কাজ করছেন। উদ্ধার হওয়া এক নাবালক জানিয়েছে যে, টাকার বদলে তাকে মাদকই দেওয়া হতো।
মালদহে গড়ে ওঠা এই মাদক শিল্পই এখন প্রশাসনের বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। কীভাবে এরকম জাল ছড়াল, তার উত্তর খুঁজছে পুলিশ।












Click it and Unblock the Notifications