নির্মানের ২ বছরেই ধূলিসাৎ জলের ট্যাঙ্ক, কাটমানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! তদন্ত কমিটি সরকারের
প্রথমে ২ বছরের মধ্যেই ওভারহেট ট্যাঙ্কে ফাটল দেখে চমকে উঠেছিলেন বাঁকুড়ার সারেঙ্গার স্থানীয় বাসিন্দারা। এরপর বুধবার সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
প্রথমে ২ বছরের মধ্যেই ওভারহেট ট্যাঙ্কে ফাটল দেখে চমকে উঠেছিলেন বাঁকুড়ার সারেঙ্গার স্থানীয় বাসিন্দারা। এরপর বুধবার সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কংক্রিটের টুকরো থেকে ওড়া ধোঁয়া আর ট্যাঙ্কে মজুত জল পাশের জমিতে আছড়ে পড়ে। তবে সেই সময় আশপাশে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিরোধীরা এবিষয়ে তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছে। আর মন্ত্রী বলছেন, গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
ভেঙে পড়ল পরিশ্রুত পানীয় জল প্রকল্পের ট্যাঙ্ক
বাঁকুড়ার সারেঙ্গার ফতেডাঙা গ্রাম। এই গ্রামেই তৈরি হয়েছিল সাত লক্ষ লিটারের জলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক থেকেই স্থানীয় গড়গড়্যা গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষকে জল সরবরাহ করা হত। সেটি বুধবার ধূলিসাৎ হওয়ায় এলাকা জলে ভরে যায়।

কাজের মান নিয়ে প্রশ্ন
বছর ২ আগে জনস্বাস্থ্য কারিগরী দফতরের উদ্যোগে এই ট্যাঙ্কটি তৈরি হয়েছিল। বুধবারের এই ঘটনায় ট্যাঙ্কটি তৈরিতে সংশ্লিষ্ট দফতরের ঠিকাদারের গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। স্থানীয় মানুষ বলছেন, এবার তাঁদের সমস্যায় পড়তে হবে। তাঁদের অভিযোগ, ট্যাঙ্ক তৈরিতে গাফিলতির কারণেই তা ভেঙে পড়েছে।

শাসকদল তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ
ট্যাঙ্ক ভেঙে পড়ার পরেই বিজেপি থেকে সিপিএম, কংগ্রেস সবাই তৃণমূলের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছে। এনিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছে।

তদন্ত কমিটি গঠন মন্ত্রীর
বিরোধীদের অভিযোগ স্বাভাবিকভাবেই মানতে চায়নি তৃণমূল। জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেছেন, জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পরে, তিনি প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করতে বলেছেন। তদন্ত রিপোর্টে যে দোষী প্রমাণিত হবে, তাকে শাস্তি পেতে হবে। সূত্রের খবর অনুযায়ী, ৩ সদস্যের তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications