গ্রামে পানীয় জল পৌঁছাতে হবে জানুয়ারির মধ্যে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে পানীয় জল পৌছে দিতে হবে নকশালবাড়ি ব্লকের হাতি ঘিষা গ্রাম পঞ্চায়েতের শেপদল্লা গ্রামে। পানীয় জলের মামলা নিয়ে আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুধু তাই নয় গতকালের মতো আজ বুধবারও একই কাজ করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের চেয়ার ছেড়ে এজলাসে নীচের চেয়ারে বসে এই মামলার শুনানি করেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে বিচারপতির নির্দেশের ফলে এবার পানীয় জল নিয়ে আশার আলো দেখছে শেপদল্লা গ্রামের বাসিন্দারা।

দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত শেপদল্লা গ্রামে পানীয় জলের সমস্যা। দীর্ঘদিন থেকেই বাসিন্দারা স্থানীয় মাঞ্ঝা নদী এবং ঝোড়ার জলের ওপর নির্ভর করে চলছেন। এরপরে সরকারি উদ্যোগে পানীয় জলের ব্যবস্থা করা হয়। তবে শেপদল্লা জোত গ্রামে জল পৌছায়নি বলে অভিযোগ।
পানীয় জল নিয়ে ২০১৯ সাল থেকে সরকারের বিভিন্ন দফতরে চিঠি চাপাটির মাধ্যমে আবেদন নিবেদন করেও কোনও লাভ হয়নি। যে কারণে সেই মাঞ্ঝা নদীর ওপরেই জোতের আদিবাসি সম্প্রদায়কে নির্ভর করে থাকতে হচ্ছে। পানীয় জল নিয়ে চলতি বছর মে মাসে হাইকোর্টের দ্বারস্থ হন গ্রামবাসীরা।
সেই মামলার শুনানি শুরু হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। পর পর তিন দিন এই মামলার শুনানি করেন বিচারপতি। ডেকে পাঠানো হয় ভুক্তভোগী গ্রামবাসী সহ পানীয় জল সরবরাহ কাজের সঙ্গে যুক্ত সরকারি বেসরকারি সমস্ত আধিকারিকদের।
সব পক্ষের কথা শোনেন বিচারপতি।
নির্দেশ দেন আগামী জানুয়ারি মাসের মধ্যে গ্রামে পানীয় জল পৌঁছে দিতে হবে। আদালতের অ্যাডিশনাল এডভোকেট জেনারেল জয়জিত চৌধুরী আদালতে বলেন, সরকার জল জীবন মিশনের মাধ্যমে গ্রামে পানীয় জল পৌঁছে দিতে কাজ করছে। সেই কাজ আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে। গ্রামের সমস্ত পরিবার পানীয় জল পাবে। এই কাজ ঠিক মতো ও সরকারি নিয়ম মেনে হয়। সেদিকে সরকার গুরুত্ব দিয়ে দেখবে।
অন্যদিকে গ্রামবাসীদের হয়ে মামলাকারী দিপু হালদার বলেন, বিচারপতির নির্দেশে তারা খুশি। অভিযোগকারীদের পক্ষের আইনজীবী সন্দীপ মণ্ডল বলেন, আদালত সংক্ষিপ্ত রায় দিয়েছে। আদালত এখনই এই মামলা শেষ করতে চাইছে না। কারণ অভিযুক্তরা নিজেদের ভুল বুঝতে পারছে। কাজ আগামী বছর জানুয়ারী মাসের মধ্যে শেষ করার কথা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications