Durga Puja 2024: এক লাখ পর্যন্ত...! বাজেটের দিনেই পুজোর অনুদান নিয়ে বড় ঘোষণা মমতার
Durga Puja 2024: পুজোর আর ১০০ দিনও বাকি নেই। যদিও জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায়। চলছে থিমের ঘোষণাও। আর এর মধ্যেই বড় ঘোষণা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM)। এক ধাক্কায় পুজোয় অনুদান বাড়াল ১৫ হাজার টাকা। শুধু তাই নয়, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের পুজোর অনুদানও এদিন ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান।
সেই মতো আগামী বছর এক লাখ টাকা অনুদান পাবে কলকাতা এবং জেলার পুজো উদ্যোক্তারা (Durga Puja 2024) । আর এই ঘোষণার পরেই হাততালিতে ভরে যায় গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।

আগামী ২ অক্টোবর মহালয়া। ৯ অক্টোবর পড়ছে মহাষষ্ঠী। দেবীর বোধন। পুজোর একেবারে দোরগোড়ায় জেলা এবং কলকাতার পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এবার অন্তত ৭৬ দিন আগে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করলেন। কেন এত আগে বৈঠক তা নিয়ে শুরু হয় জল্পনা।
তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, এবার অনেকটাই আগে বৈঠক করা হচ্ছে। সমস্ত বিষয় আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। বিশেষ করে থিমের বিষয়ে পুলিশ-প্রশাসনকে জানানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কিছুটা হলেও আগে থেকে প্রশাসনের ব্যবস্থা নেওয়া সুবিধা হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি পদপিষ্টের মতো পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে স্বভূমির পুজো উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বার্তা দেন।
কোনও ভাবেই যাতে বিমানবন্দর যাওয়ার রাস্তা না বন্ধ হয় সেই কথাও স্মরণ করিয়ে দেন। পাশাপাশি অনুদান এবং সুযোগ সুবিধা নিয়েও কথা বলেন। আর তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফায়ার লাইসেন্স সহ যে ছাড় ছিল এবারও তা থাকবে। বিদ্যুৎের ক্ষেত্রেও ছাড় বজায় থাকবে।
তবে এবার ছাড় বেড়ে ৭৫ শতাংশ হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গতবার এই ছাড় ছিল ৬৬ শতাংশ। অন্যদিকে অনুদান বেড়ে হল ৮৫ হাজার টাকা। গতবার এই অঙ্কটা ছিল ৭০ হাজার টাকা। এবার এক ধাক্কায় বাড়ল ১৫ হাজার টাকা।
শুধু এবার নয়, আগামী বছর এক লাখ টাকা অনুদান দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান। অন্যদিকে কলকাতায় কার্নিভাল হবে আগামী ১৫ অক্টোবর। ১৬ তারিখ লক্ষ্মীপুজো। তার আগেই এই কার্নিভাল করা হবে। কলকাতার পাশাপাশি জেলাতেও তা হবে বলে জানিয়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications