এনআরএসের ছোঁয়া রাজ্যের অন্য হাসপাতালগুলিতে, বিক্ষোভের জেরে শিকেয় চিকিৎসা ব্যবস্থা
রোগী মৃত্যুর জেরে সোমবার মধ্যরাতেই রণক্ষেত্র চেহারা নেয় এনআরএস হাসপাতাল চত্বর।
রোগী মৃত্যুর জেরে সোমবার মধ্যরাতেই রণক্ষেত্র চেহারা নেয় এনআরএস হাসপাতাল চত্বর। রোগীর পরিবার এবং জুনিয়র ডাক্তারদের খন্ডযুদ্ধে গুরুতর জখম হন দুই জুনিয়র ডাক্তার। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এনআরএস হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।

সোমবার রাত থেকেই কর্মবিরতির ডাক দিয়ে অবস্থান বিক্ষোভে তাঁরা। দাবি, যতক্ষণ না নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। মঙ্গলবার সকালেই হাসপাতালের মূল গেটে তালা লাগিয়ে নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন।
এনআরএস হাসপাতালের ছোঁয়া লাগল রাজ্যের অন্যত্র হাসপাতালেও। এনআরএস-এর জুনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে তারাও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। যার জেরে শিকেয় উঠেছে চিকিৎসা ব্যবস্থা। নাজেহাল হচ্ছেন রোগীর ও রোগীর আত্মীয় পরিজনেরা। এনআরএসের পাশাপাশি ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজিকর, কলকাতা মেডিক্যাল কলেজ, সাগর দত্ত হাসপাতাল, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কল্যাণী মেডিক্যাল কলেজ -সহ রাজ্যের একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাকে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন ইন্টার্নরা। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে , তাতে রাজ্য জুড়ে ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে। ট্যাংরার বাসিন্দা মহম্মদ শহিদ (৭৫) রবিবার রাতে গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই রোগীর মৃত্যু হয়। এর পরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হন রোগীর আত্মীয় পরিজনরা। দু'পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ঘটনায় গুরুতর আহত অন দুই জুনিয়র ডাক্তার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি শান্ত হলেও।
সোমবার গভীর রাত থেকেই অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। আর এর জেরে হাসপাতালের পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। আউটডোর বন্ধ। দূর-দূরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। প্রখর দাবদাহে অনেকে আবার গেটের বাইরে অপেক্ষা করছেন চিকিৎসার আশায়।
ঘটনায় ডাক্তারদের অবস্থান তুলে নেওয়ার জন্য আবেদন জানান স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার আর্জি জানান তিনি।
তবে ডাক্তারদের দাবি, রোগীর মৃত্যু হলেই চিকিৎসকদের মারধর করা হয়। প্রতি বারই এমন ঘটনা ঘটছে। তাই আগে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তারপর অবস্থান তুলবেন তাঁরা।












Click it and Unblock the Notifications