এনআরএস কাণ্ডের প্রেক্ষিতে উত্তরবঙ্গে ডাক্তারদের গণ-ইস্তফার হুমকি, আন্দোলনে সামিল নার্সিং কর্মীরাও
এনআরএস কাণ্ডের প্রেক্ষিতে উত্তরবঙ্গে ডাক্তারদের গণ-ইস্তফার হুমকি, আন্দোলনে সামিল নার্সিং কর্মীরাও।
এনআরএস কাণ্ড এবং তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের প্রতিবাদে জলপাইগুড়ি হাসপাতালে ডাক্তারদের পাশাপাশি আন্দোলনে নামলেন নার্সিং কর্মীরা। একই কারণে গণ-ইস্তফার হুমকি দিয়েছেন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের ডাক্তাররাও।

এনআরএস কাণ্ড এবং তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি হাসপাতালের ডাক্তাররা বুকে কালো ব্যাচ পরে রোগী দেখেন। প্রতিকূল পরিস্থিতিতে জলপাইগুড়ি হাসপাতালের ডাক্তারদের এই বিবেচনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে স্থানীয় সমাজ ও নদী বাঁচাও কমিটি। সমাজ কর্মীরা ডাক্তারদের হাতে চকোলেটও তুলে দেন। যে কোনও সমস্যায় জলপাইগুড়ি হাসপাতালের ডাক্তারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেয় সমাজ ও নদী বাঁচাও কমিটি।
অন্যদিকে, এনআরএস কাণ্ডে গণ-ইস্তফার ইচ্ছাপ্রকাশ করে শুক্রবার আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের সুপার চিন্ময় বর্মনের সঙ্গে কথা বলেন অন্যান্য ডাক্তাররা। বৈঠক শেষে চিন্ময় বর্মন বলেন, হাসপাতাল চালানো ভীষণ জরুরি। তাই তিনি বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছেন বলে দাবি আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের সুপারের।
অন্যদিকে, আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন যে তাঁরা ইতিমধ্য়েই তারিখ ছাড়া নিজেদের পদত্যাগ পত্র জেলা আইএমএ সেক্রেটারির কাছে জমা দিয়েছেন। প্রয়োজন হলেই সেই পদত্যাগ পত্রে তারিখ লিখে তা সুপারের কাছে জমা দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের ডাক্তাররা।












Click it and Unblock the Notifications