ভাইফোঁটাতেও রেহাই নেই, আগামী ২৪ ঘণ্টায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা
বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের চাঁদবালি থেকে মাত্র ২৫ কিমি পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। তা ক্রমশ উত্তর-পূর্ব দিকে ধেয়ে আসছে।
ভাইফোঁটার দিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। ওড়িশা উপকূলে গভীর নিম্নচাপের জেরে শনিবার সারাদিন বৃষ্টি চলবে। সেইসঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত। তারই জেরে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে আগামী দুদিন।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সতর্কবার্তা পাঠানো হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ছাড়াও হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাত হবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামেও। আগামী ৪৮ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের চাঁদবালি থেকে মাত্র ২৫ কিমি পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। তা ক্রমশ উত্তর-পূর্ব দিকে ধেয়ে আসছে। তার জেরে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টিপাত চলছে। আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পরের দিনও।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘণ্টার আগে খারাপ আবহাওয়া কাটার কোনও লক্ষণ নেই। এই ঘূর্ণাবর্তের জেরে ঝাড়খণ্ড, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম-মেঘালয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা।
সেইসঙ্গে আবহাওয়া অফিস সতর্ক করে দিয়েছে ওড়িশা উপকূলে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে। আগামী ১২ ঘণ্টায়। ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড় আছড়ে পড়ার কথা গাঙ্গেয় উপকূলে। সেই কারণেই সমুদ্র থাকবে উত্তাল। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, আগামী দুদিন কেউ যেন সমুদ্রে না নামেন। সেইসঙ্গে দিঘা, মন্দারমণিসহ বিভিন্ন সমুদ্র সৈকতেও পর্যটকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে দীপাবলির পর ভাইফোঁটার উৎসবও মাটি হতে বসায় মন খারাপ বাঙালির। একের পর এক উৎসবের আনন্দকে মাটি করে দিচ্ছে বৃষ্টি। এবার বৃষ্টি অসুরের মতোই হাজির হয়েছে। কালীপুজোর রাতেই বৃষ্টি এমনই রূপ নিয়েছে যে জলমগ্ন হয়ে গিয়েছে পুরো শহর। জেলাগুলির অবস্থায় শোচনীয়। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে পরিস্থিতি মোকাবিলায়।












Click it and Unblock the Notifications