মমতা দিল্লির দিকে নজর দিলে কলকাতা দখল করবে বিজেপি! প্রচ্ছন্ন হুমকি দিলীপের
মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের মোদী সরকারের অপশাসন নিয়ে দিল্লিতে বসে বিজেপিকে বিদায় বার্তা দিচ্ছেন, তখন কলকাতায় বসে বাংলার কুর্সি দখলের বার্তা দিলীপ ঘোষের।
মোদী-বিরোধী বিকল্প জোট গড়ার লক্ষ্যে দিল্লি সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন কেন্দ্রের মোদী সরকারের অপশাসন নিয়ে দিল্লিতে বসে বিজেপিকে বিদায় বার্তা দিচ্ছেন, তখন কলকাতায় বসে বাংলার কুর্সি দখলের আওয়াজ তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, দিদি যদি দিল্লির দিকে নজর দেন, দিল্লিতে থাকেন, তাহলে কলকাতাটা আমরা নিয়ে নেব। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, দিদিমণি এখন ৩৪টা সিট নিয়েই দিল্লি দখলের স্বপ্ন দেখছেন। কিন্তু দিল্লি দখল করতে গেলে ২৭২টি সিট লাগে, ৩৪টা দিয়ে হয় না। অনেকে দিদিকে হাওয়া দিচ্ছেন, দিদি নাকি প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হতে গেলে বাংলাটাই চলে আসবে আমাদের হাতে।
মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে এক দলীয় কর্মশালায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর তথা ফ্রন্ট বৈঠককে তীব্র কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন থেকেই বাংলা থেকে তৃণমূলকে হটানোর পাকাপাকি ব্যবস্থা করতে হবে।
এদিন বিজেপি রাজ্য সভাপতির পরামর্শ, আমাদের পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করতে হবে। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে কর্মীদের বলেন, ভোটের সময় কাঁচা বাঁশের লাঠি কেটে রাখবেন। ভোটের দিন বাইরের গ্রামের কেউ ঢুকলে তাকে খাটিয়াতে করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে বলেন। তিনি বলেন, তৃণমূলের ভোট লুঠ করতে দেব না। ভোট লুঠ রুখলেই অর্ধেক কাজ হয়ে যাবে বলে জানান দিলীপবাবু।












Click it and Unblock the Notifications