মুকুল বিজেপিতেই থাকবেন! কী মনে করেন দিলীপ, একুশের বৈঠক শেষে সাফ জবাব
মুকুল বিজেপিতেই থাকবেন! কী মনে করেন দিলীপ, একুশের বৈঠক শেষে সাফ জবাব
২০২১ বিধানসভা নির্বাচনের দিল্লিতে বিজেপির প্রস্তুতি বৈঠকের মাঝপথেই মুকুল রায়কে নিয়ে জল্পনার পারদ চড়েছিল। এমনকী রটে গিয়েছিল 'অপমানিত' মুকুল রায় বিজেপি ছেড়ে দিতে পারেন, ফিরে যেতে পারেন পুরনো দল তৃণমূল কংগ্রেসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে মুকুলকে সাংবাদিক বৈঠক করে বলতে হয় তিনি বিজেপিতেই থাকছেন। তাঁর এই বিবৃতিতে কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ?

দিলীপের সোজাসাপ্টা উত্তর
মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের সংঘাত নিয়ে বিতর্ক লেগে রয়েছে সেই প্রথম দিন থেকে। মুকুল রায় সাংবাদিক বৈঠকে সাফ জানিয়েছেন, তাঁর সঙ্গে বিজেপির কোনও নেতার কোনও সংঘাত নেই। তিনি বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন। তারপর দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলেও তিনি উত্তর দিলেন সোজাসাপ্টা।

মুকুলকে নিয়ে সন্দেহ ছিল না দিলীপের
দিলীপ ঘোষ সোজাসাপ্টাই বলেন, মুকুল রায়কে নিয়ে যাঁদের সন্দেহ ছিল, তাঁদের উত্তর দিয়েছেন তিনি। আমার বা আমাদের কোনও সন্দেহ ছিল না। অর্থাৎ তিনি বিজেপিতে থাকবেন এই প্রশ্ন তাঁর কাছে অবান্তর। কেননা তিনি বিজেপি ছাড়তে পারেন, এমন কোনও সন্দেহ আমাদের ছিল না।

সোজা কথায় সোজা উত্তর দিলেন দিলীপ
দিলীপ মনে করেন, মুকুল রায়কে নিয়ে পুরো জল্পনাটাই তৈরি করেছিল সংবাদমাধ্যম। তাঁরা সেই উত্তর পেয়ে গিয়েছেন। দিল্লির বৈঠক সেরে কলকাতায় ফিরে দিলীপ চাঁচাছোলা ভাষাতেই উত্তর দিয়েছেন। এর আগে দিল্লিতে তিনি মুকুল রায়ের কলকাতায় ফিরে যাওয়া নিয়ে একটু তির্যক মন্তব্য করেছিলেন। এবার একেবারেই সোজা কথায় সোজা উত্তর দিলেন দিলীপ ঘোষ।

দিল্লিতে তির্যক মন্তব্য, কলকাতায় সরল
এর আগে দিল্লিতে দিলীপ ঘোষ বলেছিলেন, প্রত্যেকেই জানেন এই বৈঠকের নির্ঘণ্ট। মুকুলদা জানবেন না, তা হতে পারে না। অন্য কারও ব্যাপারে আমার পক্ষে বলা ঠিক হবে না। তবে আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে চার-পাঁচ দিনের জন্য চলে আসুন, আমি সঙ্গে সঙ্গে বডি ফেলে দিয়েছি দিল্লিতে। যদিও তিনি মুকুল রায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মানতে নারাজ।

মুকুলকে নিয়ে চলতে হবে, স্পষ্ট বার্তা
বৈঠকের পর কিন্তু দিলীপ ঘোষ মুকুল রায়কে নিয়ে কোনও তির্যক মন্তব্য করেননি। বিজেপিতে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছিল। ২০২১ নির্বাচনে মুকুল রায়কে নিয়ে তাঁরা লড়বেন এটা স্পষ্ট করে দিয়েছেন। বৈঠকেও এমন সিদ্ধান্ত হয়েছে। মুকুলকে নিয়ে চলতে হবে। কেননা মুকুলকে তাঁদের দরকার। তাই কোনও দূরত্ব বরদাস্ত করা হবে না মুকুলের সঙ্গে।












Click it and Unblock the Notifications