'ঠেলার নাম বাবাজি'! হিন্দিভাষী ভোটব্যাঙ্ক ইস্যুতে ছটপুজোর আবহে দিলীপের খোঁচা মমতাকে
ছট পুজো ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেটে রেখে ২১ ভোটের আগে পারদ চড়ালেন দিলীপ ঘোষ। বাংলায় হিন্দিভাষী ভোটব্যাঙ্ক টানার কৌশলে রাজ্যসরকার ছট ঘিরে পদক্ষেপ নিচ্ছে বলেও এদিন প্রাতঃভ্রমণে ইকোপার্কে গিয়ে ইঙ্গিত দেন বিজেপির রাজ্যসভাপতি। প্রসঙ্গত, রাজ্যের হিন্দিভাষী ভোটব্যাঙ্ক, বিজেপি ও তৃণমূলের অন্যতম ফোকাস। এমন এক প্রেক্ষাপটে এদিন দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ মেজাজে পারদ চড়ান।

হিন্দিভাষী ভোটব্যাঙ্ক নিয়ে সরব দিলীপ
'ছট পুজো পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, সব জায়গাতেই একটা বড় উৎসব হিন্দিভাষীদের । বহু মানুষ নিষ্ঠার সঙ্গে পুজো করেন । এতদিন সরকারের ছট নিয়ে কোনও চিন্তা ছিল না। তবে কোর্ট যেহেতু রায় দিয়েছে পুজো বন্ধ নিয়ে তাই সরকার এই সমস্ত দেখাচ্ছে। ' বলেন দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে ছট পুজো পালনের নির্দেশ দিয়েছে মমতা সরকার। এদিন ছট পুজো উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তাও জানান। এদিকে. হাইকোর্টের রায়ের পর তা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হয় তৃণমূল সরকার।আর তাকেই কার্যত কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

হিন্দিভাষীদের ভোট টানার চেষ্টা!
চাঁচাছোলা বার্তায় এদিন রাজ্য বিজপি সভাপতি বলেন, ' আসলে হিন্দিভাষী ভোটের জন্য এই সব করছে (সরকার)। ছট পুজো যাঁরা করেন, তাঁরা বহু বছর ধরে পুজো করে আসছেন। এতদিন সামাজিকভাবে লোকারই ব্যবস্থা করত। ' প্রসঙ্গত, বিহার নির্বাচনের পর থেকে বাংলার দিনাজপুর, মুর্শিদাবাদের বিহার বাংলা সীমান্তের একটা বড় অংশের হিন্দিভাষী ভোট বিজেপি নিজের খাতায় তোলার চেষ্টা করছে। কারণ ওই সীমান্তে বিহার নির্বাচনে কার্যত বিজেপির জয়জয়কার হয়েছে। এই হিন্দিভাষী ভোটব্যাঙ্কে হাওড়া ও কলকাতার বিস্তীর্ণ এলাকাকাকেও পাখির চোখ করে রেখেছে বিজেপি।

'ঠেলার নাম বাবাজি'
দিলীপ ঘোষ বলেন,' আজ সরকারের কেন মাথাব্যাথা? কারণ হিন্দিভাষীদের ভোট দরকার। একদিন হিন্দিভাষীদের কথা মনে পড়েনি। এতদিন তাঁদেরকে বাইরের লোক বলে চালিয়েছেন মুখ্যমন্ত্রী।' কটাক্ষের সুর চড়িয়ে দিলীপ ঘোষ এরপর বলেন, 'ঠেলার নাম বাবাজি, ভোট বড় বালাই, তার জন্যই এত কিছু করছেন।'

'ছট পুজো তো হবেই'
দিলীপ ঘোষ এদিন সাফ জানান, 'ছট পুজো তো হবেই। সেটা ভালো করে করার ব্যবস্থা সরকারকে করতে হবে। .. আমরা চাই পুজো যাঁরা করেন, তাঁরা যেন নিষ্ঠার সাথে করতে পারেন।'

বহিরাগত ইস্যু ও বাংলার রাজনীতি
'বহিরাগত' ইস্যুতে এর আগে বিজেপি ও তৃণমূলের মধ্যে পারদ চড়েছে। সদ্য রাজ্যে অমিত শাহের সফরকে 'বহিরাগতের' প্রবেশ বলে কটাক্ষ করে মমতা শিবির। এরপরই দিলীপ ঘোষ শিবির দাবি তোলে, বাংলাদেশ থেকে যাঁরা আসছেন তাঁরা স্বাগত , আর দেশের মধ্যে থেকে বাংলায় কেউ এলে তিনি বহিরাগত! এরপরদিনই ছট নিয়ে মমতার বিরুদ্ধে পারদ চড়ান দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications