তৃণমূলে নবজোয়ার আনতে গিয়ে মনখারাপ অভিষেকের, কেন একথা বললেন দিলীপ ঘোষ
তৃণমূলে নবজোয়ার আনতে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ষ। উত্তরবঙ্গ থেকে তিনি সেই যাত্রার সূচনা করেছেন। উত্তরবঙ্গ সফর করে দক্ষিণবঙ্গে পা রাখতেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তাঁর নবজোয়ার জনসংযোগ যাত্রা নিয়ে।
দিলীপ ঘোষ বলেন, উত্তরবঙ্গের তৃণমূলে নবজোয়ার আনতে গিয়ে জনসংযোগ যাত্রা করে এসে মনখারাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজারহাট নিউটাউনের রাজারহাট বিষ্ণুপুর বটতলায় রবিবার সকালে চা চক্রে যোগ দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ একহাত নেন অভিষেককে।

এই চা চক্রে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির নেতা অরিজিৎ বক্সি, রায়-সহ মণ্ডল সভাপতি ও বিজেপির স্থানীয় নেতারা। এই চা চক্রে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তাঁকে প্রশ্ন করা হয়ছিল, রাহুল গান্ধীর ভার জোড়ো যাত্রার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে তুলনা করা হচ্ছে। তা কি সঙ্গত।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, জনগণ দেখছেন সব। ওনাদের পার্টির লোকেরা কী করছে, তা আজ স্পষ্ট। পার্টি বলে কিছু নেই, নিয়ম বলে কিছু নেই এই দলটার। তৃণমূলের অন্দরে যে গন্ডগোল চলছে, সেটা প্রমাণ হয়ে গেছে এই নবজোয়ার যাত্রায়। তাই মন খারাপ করে বাড়ি ফিরছেন যুবরাজ।
এদিন বুদ্ধিজীবীদের কটাক্ষ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাঁরা ভুল বুঝতে পেরেছেন তাঁরা আসছেন। আগামী দিনে আরো আসবেন। কিন্তু এখনো অনেকে আছেন, যাঁরা সেই অন্যায়টা করছেন, সুবিধা নিচ্ছেন, লোককে ভুল বোঝাচ্ছেন। প্লিজ এটা করবেন না।

মিড ডে মিলের টাকা চুরির অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখান থেকে রিপোর্ট গিয়েছে ১০০ কোটি টাকার মিড ডে মিলের টাকা এদিক ওদিক হয়েছে। কিন্তু সমস্ত হিসাবে সেটা কয়েকশো কোটি টাকার দুর্নীতি ছাপিয়ে যাবে। ১০০ দিনের কাজের টাকা কেন বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার, তা জানতে হবে।
দিলীপ ঘোষ বলেন, সবথেকে বেশি টাকা এখানে আসে। তার কাজ কোথায় হচ্ছে। সাড়ে ১৪ লক্ষ লোকের জব কার্ড নেই। লুঠ হচ্ছে টাকা। সেই জন্যই বন্ধ করা হয়েছে টাকা। কেন্দ্রীয় সরকার হিসাব চাইছে। সেই হিসাব দিতে পারছে না রাজ্যের প্রশাসন। তাই টাকা আটকে পড়ে রয়েছে। হিসেব দিলেই টাকা দিয়ে দেবে কেন্দ্র।

আর ভোটের আগে বিজেপি সেনা জওয়ানদের নিয়ে রাজনীতি করে বলে যে অভিযোগ তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওনারা পুলিশ সামলান, সেনাদেরকে নিয়ে ভাবতে হবে না। ওনারা তো সেনাদেরকে তোলাবাজ বলেন। আমাদের বহু বীরসেনার প্রাণের বিনিময়ে কাশ্মীর শান্ত হয়েছে।
দিলীপ বলেন, দেশের উগ্রপন্থা শান্ত হয়েছে, যারা প্রাণ দিয়েছেন সরকার তাঁদেরকে সম্মান দিয়েছে। সরকার তাঁদেরর পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। এমনকী সারা দেশ তাঁদের জন্য কৃতজ্ঞ, যাঁদের বলিদানের জন্য দেশে শান্তি এসেছে। আর তৃণমূল শুধু অসম্মান করে গিয়েছে সেনাদের।












Click it and Unblock the Notifications