মনে হচ্ছিল এদেশে নেই, হামলা নিয়ে প্রতিক্রিয়া কৈলাশের! কবে ভাঙা হবে তৃণমূল সরকার, জানালেন দিলীপ
মনে হচ্ছিল এদেশে নেই, হামলা নিয়ে প্রতিক্রিয়া কৈলাশের! কবে ভাঙা হবে তৃণমূল সরকার, জানালেন দিলীপ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (jp nadda) কনভয়ে হামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই হামলাকে পরিকল্পিত বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অন্যদিকে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ( kailash vijayvarghiya) বলছেন, হামলার সময় মনে হচ্ছিল এদেশে নেই।

জেপি নাড্ডার কনভয়ের একের পর এক গাড়ি ভাঙচুর
সকাল থেকেই এলাকায় নতুন কৃষি আইনের বিরুদ্ধে মিছিল করেছেন তৃণমূল বিধায়ক তথা জেলা যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লা। এরপর সেই রাস্তা দিয়ে যেতেই জেপি নাড্ডার কনভয় আমতলা পেরোতেই দাঁড়িয়ে পড়ে। কেননা বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে রাস্তা ছিল বন্ধ। এই সময়ই গাড়ির ওপরে লাঠি, কাঁচের বোতল, পাথর ও ইট উড়ে আসতে থাকে। কনভয়েন একাধিক গাড়ি কমবেশি ক্ষতি হয়। জেপি নাড্ডার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা কোনও ক্রমে গাড়ি বের করে নিয়ে যায়। অল্পবিস্তর আঘাত লাগে তাঁদের ওপরেও।

ডায়মন্ডহারবার পৌঁছেই দিলীপ ঘোষের আক্রমণ
ডায়মন্ডহারবার পৌঁছেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের হামলার জন্য তিনি তৃণমূলকেই অভিযুক্ত করেন। এটাতেই তৃণমূলের চরিত্র পরিষ্কার হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, তাঁর গাড়ি ১০ বার ভাঙা হয়েছে। পুলিশের সামনে কনভয়ে হামলার অভিযোগ করেন তিনি। বলেন, এই হামলায় আটজন আঙত হয়ে হাসপাতালে। তিনি আরও বলেন, আর কিছু দিনের অপেক্ষা। ২০২১-এর মে মাসে জনগণই তৃণমূলের সরকার ভেঙে দেবে। এদিন দিলীপ ঘোষ ছিলেন জেপি নাড্ডার গাড়িতে। ওই গাড়িটি বুলেট প্রুফ হওয়ায় আরোহীদের আঘাত লাগেনি।

মনে হচ্ছিল যেন দেশে নেই
গাড়িতে ইট ও পাথর বৃষ্টির জেরে আঘাত পেয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। অন্যদিকে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, তিনিও এদিনের হামলায় আঘাত পেয়েছেন। শিরাকোল বাসস্ট্যান্ডের কাছে পুলিশের সামনেই তাঁর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, দলের সভাপতির গাড়িতে হামলা হয়েছে। যার কড়া নিন্দা করেছেন তিনি। তাঁর অভিযোগ, পুলপিশ ও গুণ্ডাদের উপস্থিতিতে এই হামলা হয়েছে। কৈলাশ বিজয়বর্গীয় আরও বলেন, সেই সময় মনে হচ্ছিল যেন আমরা নিজের দেশে নেই।
কৈলাশ বিজয়বর্গীয় বলেন, জেপি নাড্ডার অনুষ্ঠান এবং যাত্রাপথ সম্পর্কে অবহিত করা হয়েছিল রাজ্য পুলিশকে। কিন্তু নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে।

কুৎসা ছড়ানোর চেষ্টা বিজেপির
এদিনের হামলা সম্পর্কে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, ইচ্ছে করেই রাজ্যের মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে। উত্তেজনা তৈরি করতে প্ররোচনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেছেন, এদিনের হামলা পরিকল্পিত। পাশাপাশি তাঁর অভিযোগ বিজেপি তাদের দলের নামে কুৎসা ছড়ানোর চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications