লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকার জন্য লাইনে! ভিখারির সঙ্গে তুলনায় বিতর্কে দিলীপ
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকার জন্য লাইনে! ভিখারির সঙ্গে তুলনায় বিতর্কে দিলীপ
২৪ ঘণ্টা আগেই তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুখ্যাতি করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাত কাটতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমালোচনায় বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। দিলীপবাবুর মন্তব্যকে মহিলাদের অপমান বলে ব্যাখ্যা করেছে তৃণমূল কংগ্রেস।

দুয়ারে সরকারকেও যমের দুয়ারে সরকার বলেছিলেন
একুশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার চালু করেছিলেন। সরকারকে মানুষরে দরবারে নিয়ে এসে তিনি পরিষেবা প্রদান করেছিলেন। তার মাধ্যমে দিয়েছিলেন স্বাস্থ্যসাথী কার্ঢের সুবিধা। কিন্তু তৃণমূল সরকারের সেই পরিকল্পনাকে ভালো চোখে নেয়নি বিজেপি। বিজেপির তরফে সমালোচনা করে বলা হয়েছিল যমের দুয়ারে সরকার। তার ফল হাতেনাতে পেয়েছে বিজেপি।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা! বিতর্কিত মন্তব্য দিলীপের
তৃণমূল টানা তৃতীয়বার বাংলার ক্ষমতা দখল করার পর পূর্ব প্রতিশ্রুতিমতো দুয়ারে সরকারও বজায় রেখেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পে প্রতি মাসে পরিবার প্রতি মহিলাদের ৫০০ টাকা (জেনারেল ক্যাটাগরি) বা ১০০০ টাকা (তফশিলি জাতি ও উপজাতি) ভাতা দেওয়া হবে হাত খরচের জন্য। মহিলাদের অ্যাকাউন্টে এই ভাতা দেওয়া হবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ।

৫০০ টাকার জন্য লাইনে, তাহলে ভিখারি নয় তো কী?
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ৫০০ টাকার জন্য সাধারণ মানুষকে ভিখারির মতো লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। ৫০০ টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছেন, তাহলে ভিখারি নয় তো কী? দিলীপ ঘোষে এই মন্তব্যকে ভালো চোখে দেখছেন না অনেকেই। তৃণমূল তো সরাসরি সমালোচনা করে জানিয়েছেন দিলীপবাবু এই মন্তব্যে মহিলাদের অপমান করেছেন।

মানুষকে ভিখারি বানিয়ে রাস্তায় দাঁড় করানো হচ্ছে
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিশাল সাড়া পড়েছে। মাত্র আট দিনে ১ কোটি মানুষ মানুষ বিভিন্ন প্রকল্পের জন্য দুয়ারে সরকারে আবেদন জানিয়েছেন। এই সাফল্য দেখে দিলীপ ঘোষ এমন বিতর্কিত মন্তব্য করছেন বলে ব্যাখ্যা তৃণমূলের। দিলীপ ঘোষ বলেছেন, ভিড় করার জন্যই দুয়ারে সরকার হচ্ছে। ৫০০ টাকার জন্য ভোট চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত লাইনে দাঁড় করানো হচ্ছে। মানুষকে ভিখারি বানিয়ে রাস্তায় দাঁড় করানো হচ্ছে।

মমতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করে বার্তা
দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা জনসেবা নয়। মোদীজিকে দেখুন। তিনি সাধারণ মানুষকে হাজার হাজার টাকা দিচ্ছেন। ঘরে বসেই তাঁরা সেই টাকা পাচ্ছেন। আর মমতার সরকার মানুষকে রাস্তায় নামিয়ে ছেড়েছেন, তাও মাত্র ৫০০ টাকার জন্য।

তৃণমূল সরকারের ভালো কাজের সঙ্গে আছি, বলেছিলেন দিলীপ
এই দিলীপ ঘোষই ২৪ ঘণ্টা আগে বলেছিলেন, তৃণমূল সরকারের যে কোনও ভালো কাজের সঙ্গে আছেন তিনি। আমরা চাই তৃণমূলও কেন্দ্রীয় সরকারের ভালো কাজের সঙ্গে থাকুক। কিন্তু আমরা সেক্ষেত্রে বরাবর উল্টো ছবি দেখে আসছি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পায়, সেটা দেখা উচিত তৃণমূলের। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, তৃণমূল সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপে সহযোগিতা করছে বিজেপি। কিন্তু আমরা যখন জনধন অ্যাকাউন্ট খুলেছিলাম, তৃণমূলের তরফে প্রথম বিরোধিতা করা হয়েছিল। তারপর কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা দু-বছর পর পাচ্ছে বাংলার কৃষকরা। কেন্দ্রের ভালো কাজ মর্যাদা পাচ্ছে না বাংলায়।












Click it and Unblock the Notifications