মমতার সময়ে রেলে সব থেকে বড় ঘোটালা! এবার কি ফিরহাদ হাকিমের পালা? দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা
ইকো পার্কে প্রাতর্ভ্রমণে এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। ওড়িশার রেল দুর্ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার মনে করেছে সিবিআই তদন্ত করা হলে সত্য ঘটনা সামনে আসবে।
ওড়িশা ট্রেন দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন তা সবাই জানেন। তাঁর সময়ে সাড়ে পাঁচশোর মতো দুর্ঘটনা ঘটেছে। সাড়ে আটশোর মতো বেলাইনের মতো ঘটনা ঘটেছে। আর প্রায় ১৪০০ লোক মারা গিয়েছে।

দিলীপ ঘোষ পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, তাঁর সময়ে কবজ লাগিয়ে কেন রেলের আধুনিকিকরণ করেননি? রেলকে সামনে রেখে লুট করেছেন। নিজের লোকের চাকরি পাইয়ে দিয়েছেন। সেই সময়ে সব থেকে বড় ঘোটালা হয়েছে রেলে, অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।
তিনি আরও বলেন, ঝাড়গ্রামে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দুর্ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন মাওবাদীদের হাত রয়েছে। তখন তিনি পদত্যাগ করেননি। আর এখন পদত্যাগ দাবি করছেন। এঁরা রোজ রোজ নাটক করেন বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বলেছেন, যাঁর পদত্যাগ করার কথা তিনিই সিবিআই তদন্তের সুপারিশ করছেন। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, মমতা চিরদিন পদত্যাগের নাটক করে গিয়েছেন। কোনও দায়িত্ব নেননি, কোনও কাজ পুরো করেননি। তিনি আরও বলেছেন, পদত্যাগ না করে পদে থেকে কাজ করে দেখানোটাই হল বড় কাজ।

রবিবার ফিরহাদ হাকিম বলেছিলেন, কবচ কীসের জন্য, রেলমন্ত্রীর গায়ে পরানোর জন্যয মেক ইন ইন্ডিয়া এখন ডিজাস্টার ইন্ডিয়া বলেও কটাক্ষ করেছিলেন তিনি। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, পুরসভার লোককে জল দিতে পারেন না। একটা ঝড় এলে সাতদিন জল নেই, বিদ্যুৎ নেই।
দিলীপ ঘোষ বলেন, সমালোচনা করে উনারা ভেবেছেন, এইসব উল্টোপাল্টা বলে দুর্নীতি চাপা দেবেন। কিন্তু বাঁচার কোনও রাস্তা নেই। সবকটাকে ভিতরে যেতে হবে। তবে দিলীপ ঘোষের এদিনের মন্তব্যের পরে জল্পনাও তৈরি হয়েছে।

পরিবেশ দিবস উপলক্ষে দিলীপ ঘোষ বলেন, সবাইকে সহযোগিতার হাত বাড়িতে দিতে হবে। কষ্ট থেকে বাঁচার জন্য এসি লাগানো হচ্ছে। তাঁর জন্য তাপমাত্রা বাড়ছে। তিনি বলেন, এত তাপ এর আগে কখনও দেখা যায়নি। তিনি বলেন, এব্যাপারে মানুষকে সতর্ক করার সময় এসেছে।












Click it and Unblock the Notifications