বাপের দিকে, নাকি পিসির দিকে! মুকুলের মতোই শুভ্রাংশুকে নিয়েও জল্পনা বাড়ালেন দিলীপ
ঠিক যেভাবে মুকুল রায়কে বড়শিতে গেঁথে ছিলেন, ছেলে শুভ্রাংশুকেও একইভাবে নিজেদের শিবিরে তুলে নিতে পরিকল্পনামাফিক বাক্যবাণ ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মুকুল রায়কে নিয়েও এমনই ধোঁয়াশা তৈরি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার মুকুল-পুত্রকে নিয়েও একইরকম ধোঁয়াশা তৈরি করছেন তিনি। বক্তার তালিকায় নাম থাকা সত্ত্বেও সোমবার ধর্মতলায় তৃণমূলের বৈঠকে শুভ্রাংশু রায়ের গরহাজিরার জন্যই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তা রাজনৈতিকভাবে কাজে লাগাতে বদ্ধপরিকর দিলীপ ঘোষ।

স্বভাবতই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভ্রাংশুকে নিয়ে একইরকম ভঙ্গিমায় খেলা শুরু করলেন। ঠিক যেভাবে মুকুল রায়কে বড়শিতে গেঁথে ছিলেন, ছেলে শুভ্রাংশুকেও একইভাবে নিজেদের শিবিরে তুলে নিতে পরিকল্পনামাফিক বাক্যবাণ ছাড়লেন তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, 'শুভ্রাংশু আসতে চাইলে, তাঁকেও নিয়ে নেব। বাবা-ছেলে একসঙ্গে থাকবে।'
দিলীপবাবু এদিন বলেন, 'বিজেপির তরফে কোনও ছুঁৎমার্গ নেই শুভ্রাংশুকে নিয়ে। তবে শুভ্রাংশুকেই ঠিক করতে হবে- বাপের দিকে থাকবে, নাকি পিসির দিকে। বাবার দিকে থাকতে চাইলে আমরা হাত বাড়িয়ে রয়েছি। নির্দ্বিধায় আমাদের 'সাদা' হাত ধরতে পারেন শুভ্রাংশু।' কোচবিহারে এক অনুষ্ঠানে দিলীপ ঘোষ চাঁছাছোলা ভাষায় বললেন সেই কথা।

এদিন মুকুল রায়ের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'মুকুল রায় তো একটা মাত্র ছোটেট তির ছুড়েছেন তাতেই পার্টি বাঁচানো দায় হয়ে গিয়েছে। পার্টি বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হচ্ছে। তাহলে যখন বড় বড় বিস্ফোরণগুলো হবে, তখন কী করবে শাসক দল। এখনই তো পার্টি আর সরকার মিলেমিশে খিচুড়ি হয়ে গিয়েছে।'
সেইসঙ্গে তিনি এদিন হুঁশিয়ারি দেন কোচবিহারের সাংসদ-বিধায়কদের। তিনি বলেন, 'কোচবিহার কারও জমিদারি নয়, রাজ্যের সীমানা পার হলে জিওগ্রাফি, হিস্ট্রি সব চেঞ্জ করে দেব।' জেলার একাধিক সভা করার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু অধিকাংশ সভার অনুমতি না পেয়েই হুঙ্কার ছাড়েন বিজেপি রাজ্য সভাপতি।
তিনি অভিযোগ করেন, 'বিজেপি-র উপর পরিকল্পিত আক্রমণ হচ্ছে। আমরাও কিন্তু ছেড়ে কথা বলব না। রাজ্যের বাইরে গেলে কী হবে তা ভেবে এইসব আক্রমণ করুন। সাংসদরা দিল্লি থেকে ফিরতে পারবেন না তো? আর বিধায়করা কলকাতায় গেলে ট্রিটমেন্ট করে ছেড়ে দেব।'












Click it and Unblock the Notifications