মমতার কেন্দ্রে উপনির্বাচন নিয়ে প্রশ্ন, নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা দিলীপের
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। নির্বাচন কমিশন বাংলার একটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করল। মোট তিন কেন্দ্রে নির্বাচন হবে। তার মধ্যে দুটি কেন্দ্রে বিধানসবা নির্বাচনের সময় ভোট স্থগিত হয়ে গিয়েছিল।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। নির্বাচন কমিশন বাংলার একটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করল। মোট তিন কেন্দ্রে নির্বাচন হবে। তার মধ্যে দুটি কেন্দ্রে বিধানসবা নির্বাচনের সময় ভোট স্থগিত হয়ে গিয়েছিল। আর একটিমাত্র কেন্দ্রে উপনির্বাচন হবে, তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। শুধু কেন একটি মাত্র কেন্দ্রেই উপনির্বাচন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উপনির্বাচন কেন একমাত্র ভবানীপুরে, প্রশ্ন দিলীপের
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভবানীপুরের উপনির্বাচন ঘোষণা প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে শুধু উপনির্বাচন কেন? মোট পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। আর দুটি কেন্দ্রে নির্বাচন। দুটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে, তা নিয়ে কোনও অভিযোগ নেই। কিন্তু উপনির্বাচন কেন একমাত্র ভবানীপুরে তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

মিশনের সমালোচনা করতেও পিছপা হলেন না দিলীপ
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচন কমিশনের সমালোচনা করতেও পিছপা হলেন না। তাঁর কথায়, নির্বাচন কমিশন কোনওভাবে প্রভাবিত নয় তো! তা না হলে উপনির্বাচন হওয়ার কথা পাঁচটি কেন্দ্রে, হচ্ছে কেন একটি কেন্দ্রে। কোভিডের মধ্যে নির্বাচন হচ্ছে, তা যদি হয়, তো পাঁচ কেন্দ্রেই হোক, একটিমাত্র কেন্দ্রে কেন, তা নিয়েই আমাদের প্রশ্ন।

কেন্দ্রীয় নেতৃত্ব স্বাগত জানাচ্ছে, বঙ্গ বিজেপি কেন সমালোচনায়
এদিকে দিলীপ ঘোষ তথা বঙ্গ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও কেন্দ্রীয় বিজেপি কিন্তু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এখানেই আবার প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় নেতৃত্ব যখন স্বাগত জানাচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে, তখন বঙ্গ বিজেপি কেন সমালোচনায় মুখর?

মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপমুক্ত করল কমিশন
আসলে বঙ্গ বিজেপি চাইছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতে। নির্বাচন কমিশন ভবানীপুরে নির্বাচন ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপমুক্ত করে দিল। চাপমুক্ত হল তৃণমূল শিবিরও। তৃণমূল বেশ কিছুদিন ধরেই উপনির্বাচনের দাবিতে সরব হয়েছিল। সেই দাবি মেনে নির্বাচন কমিশন উপনির্বাচনের ঘোষণা করল ৩০ সেপ্টেম্বর। ভোটের ফলপ্রকাশ ৩ অক্টোবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোট হবে।

৫ নভেম্বরের মধ্যে বিধায়ক হয়ে আসতে হত মমতাকে
সংবিধান অনুযায়ী, ৫ নভেম্বরের মধ্যে বিধায়ক হয়ে আসতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার নির্বাচন কমিশন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ায় সেই চিন্তা দূর হল মমতার। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন বলেও মন্ত্রী পদে শপথ নিয়েও শোভনদেব চট্টোপাধ্যায় ২১ মে বিধায়ক পদে ইস্তফা দেন।

মমতার নন্দীগ্রামে পরাজয়ের পর
মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। সেখানে স্বল্প ব্যবধানে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ ভোট শেষে বিতর্কের পর জয় পান শুভেন্দু অধিকারী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিন্ন কোনও কেন্দ্র থেকে জিতে আসা ছাড়া উপায় ছিল না। তৃণমূল তৎপর হয়েছিল অতি সত্ত্বর তাঁকে কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনতে।

তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্ব মিথ্যা নয়, বলছে সিপিএম
শুধু মমতার কেন্দ্রে উপনির্বাচন হওয়ায় বিজেপি যেমন নির্বাচন কমিশন প্রভাবিত বলে প্রশ্ন তুলেছে, তেমনই সিপিএমও ব্যাখ্যা দিয়েছে বেছে বেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভোট হচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন বোঝাপড়াতেই শুধু ভবানীপুরে ভোট হচ্ছে। কমিশনের এই সিদ্ধান্ত ফের প্রমাণ করল তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্ব মিথ্যা নয়।












Click it and Unblock the Notifications