দিলীপ ঘোষ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সামনে অসহায়, নতুন অভিযোগ তথাগতর
বঙ্গ বিজয়ের স্বপ্ন মাঠে মারা গিয়েছে। ২০০ আসনের স্বপ্ন দেখিয়েও ১০০র কাঁটা ছুঁতে পারেনি গেরুয়া শিবির। তার ওপরে আবার 'দলবদলু'দের ঘর ওয়াপসি তো রয়েছেই। দলের এই ব্যর্থতার জন্য মোট চার শীর্ষ নেতাকে দায়ী করেছিলেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়। তবে এবার ট্যুইটে ভুল স্বীকার করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। জানালেন, দিলীপ ঘোষকে ভুল ভেবেছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বের খেলনায় পরিণত হয়েছেন মেদিনীপুরের সাংসদ।

দিলীপ ঘোষ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সামনে অসহায়!
একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমালোচনায় সরব হয়েছিলেন দলের প্রবীণ নেতা তথাগত রায়। হারের জন্য কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননের পাশাপাশী মেদিনীপুরের সাংসদকেও দায়ী করেছিলেন তিনি। তবে এতদিন তিনি নাকি একেবারেই ভুল ভাবছিলেন। ট্যুইট বোমায় তথাগত বললেন, 'দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের খেলনায় পরিণত হয়েছে। ওর কিছুই করার নেই।'

ঠিক কী ট্যুইট করেছেন তথাগত?
শনিবার সকালে তথাগত লেখেন, ' ধীরে ধীরে যত তথ্য জানতে পারছি, দিলীপ ঘোষের প্রতি ততটাই সহানুভূতিশীল হয়ে উঠছি আমি। এই রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্বের (কেএসএ দল) খেলনায় পরিণত হয়েছে ও৷ দিলীপ যুক্তি দিয়ে বলেছেও তা৷ পশ্চিমবঙ্গে বিজেপির আত্মহত্যার গল্পটা এবার ধীরে ধীরে সামনে আসছে।'

কী বলছেন বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে শুরু হওয়া টানাপোড়েনের একটা অধ্যায় যেন শেষ হল। এতদিন ধরে কৈলাস বিজয়বর্গী, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননের পাশাপাশি দিলীপ ঘোষের উদ্দেশ্যেও তোপ দাগছিলেন তথাগত। এর আগে তাঁর বহু মন্তব্যে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে৷ চাপে পড়েছে গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে অর্থ এবং নারী চক্রে জড়িত থাকার অভিযোগও করেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। এতদিন ধরে আক্রমণের প্রত্যুত্তরে অবশ্য সেভাবে মুখ খুলতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। এবার আরও বহু তথ্য জানালেন তথাগত। শনিবার ট্যুইটে তিনি লেখেন, দিলীপ ঘোষ কৈলাস, শিবপ্রকাশদের খেলার পুতুল হয়ে উঠেছেন। বিজেপির আত্মহননের গল্প এভাবেই বাইরে বেরিয়ে আসছে৷

তথাগতর কুনালকেও খোঁচা টুইটারে!
তবে শুধু দিলীপ নয় এদিন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের টুইটারে ফিরে আসা নিয়েও মজা করেছেন তথাগত বাবু। আর একটি টুইটে তিনি কুনাল ঘোষ এগেইন নামক টুইটার হ্যান্ডলকে ট্যাগ করে লিখেছেন, @KunalGhoshAgain একটি অসাধারণ অর্থবহ টুইটার হ্যান্ডল। ঘোষ মশাইকে সাধুবাদ।'কুনাল ঘোষ আবার', অর্থাৎ সারদা কেসে জেল খাটার পর জামিনে খালাস পেয়ে ফিরে এসে আবার। মনে করিয়ে দেয় পাগলা দাশুর কথা, যে হঠাৎ নাটকের মাঝখানে ঢুকে পড়ে বলেছিল, "আবার সে এসেছে ফিরিয়া'।












Click it and Unblock the Notifications