আমিও বিজেপি ছাড়ছি বলে রটেছিল! পুরভোটে প্রার্থী নির্বাচন নিয়ে কেন এমন কথা দিলীপের
আমিও বিজেপি ছাড়ছি বলে রটেছিল! পুরভোটে প্রার্থী নির্বাচন নিয়ে কেন এমন কথা দিলীপের
কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই সবদল নেমে পড়েছে প্রার্থী নির্বাচনে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস, এমনকী বামফ্রন্ট ও কংগ্রেসও প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। কিন্তু বিজেপি এখনও নাম প্রকাশ করতে পারেনি কোনও প্রার্থীরই। এই অবস্থায় প্রার্থী নির্ধারণ ও দলবদলের জল্পনা নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। হাতে সময় মাত্র ২১ দিনের। এই পরিস্থিতিতে প্রার্থী ঘোষণা করে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চাইছে সব দলই। কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর তিনদিন অতিক্রান্ত। বিজেপি এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। অবশ্য এদিনই বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা। তার আগে জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ।

প্রার্থী নির্ধারণ প্রসঙ্গে দিলীপ
বিজেপি এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে না পারায় কানাঘুষো চলছে গেরুয়া শিবির কলকাতায় প্রার্থী খুঁজে পাচ্ছে না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এই পরিস্থিতিতে বলেন, প্রার্থী নির্ধারণ মুখের কথা নয়। বিজেপি একটি সর্বভারতীয় দল, তাই প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে তাদের একাধিক নীতি মাথায় রাখতে হয়।

বিজেপিতে দলবদলের জল্পনা
দিলীপ ঘোষ বলেন, বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল দলের পুরনো কর্মীদের মধ্যে। এবার পুরভোটে পুরনো কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। শনিবার প্রার্থী চূড়ান্ত করতে বিজেপির বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং। তাঁর গরহাজিরায় কানাঘুষো শুরু হয়- এবার হয়তো দল ছাড়বেন অর্জুন সিং। প্রার্থী ঘোষণা না হওয়ায় দলের মধ্যে টানাপোড়েনও চলছে। তার ফলে দলবদলের জল্পনা মাথাচাড়া দিয়েছে বিজেপিতে।

আমিও নাকি বিজেপি ছাড়ছি!
এই দলবদলের জল্পনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অনেক কিছু নিয়েই তো জল্পনা হয়। এখনও তেমনই নানা জল্পনা চলছে। এমনও রটেছে আমি বিজেপি ছাড়ছি, তা নিয়ে তো কম জল্পনা হয়নি। এই জল্পনা মানেই তো সত্যি নয় যে, আমি বিজেপি ছাড়ছি। তেমনই অনেক জল্পনা হবে। আবার তা মিলিয়ে যাবে। ওসবে কান না দেওয়াই ভালো। বিজেপি ওইসব জল্পনায় গুরুত্ব দেয় না।

প্রার্থী চয়নে ভেবেচিন্তে পা বিজেপির
উল্লেখ্য, বিজেপি কলকাতা পুরসভায় এমনই প্রার্থী দিতে চাইছে, যাঁরা জয়ের পর ভুল করেও দলত্যাগ করবেন না। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন না। বিধানসভা নির্বাচনে এমন অনেক প্রার্থী বিজেপির টিকিটে জিতে ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছে। ফলে দলের অস্বস্তি বেড়েছে। তা আবার হোক, চাইছে না বিজেপি। বিজেপি তাই প্রার্থী চয়নে ভেবেচিন্তে পা ফেলতে চলেছে।












Click it and Unblock the Notifications