মমতাকে ‘ভিখারি’ আখ্যা দিলীপ ঘোষের, অনুব্রত-গড়ে দাঁড়িয়ে ফের হারালেন বাক-সংযম
মমতাকে ‘ভিখারি’ আখ্যা দিলীপের, অনুব্রত-গড়ে দাঁড়িয়ে ফের হারালেন বাক-সংযম
ফের কু-কথার বাণ ছাড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কের ঝড় তুলে দিলীপ ঘোষ প্রকারান্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিখারী বলে আখ্যায়িত করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তিনি কড়া নিশানা করলেন রাজ্যের সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

সবসময় ভিখারির মতো টাকা চায়
বীরভূমের বোলপুরে চায়ে পে চর্চায় বিজেপি রাজ্য সভাপতি রাজ্যের বারংবার কেন্দ্রের কাছে টাকা চাওয়ার কড়া প্রতিক্রিয়া দেন। রাজ্যকে ব্যঙ্গ করে তিনি বলেন, সবসময় ভিখারির মতো টাকা চায় রাজ্য সরকার। আসলে এদের মনটাই ভিখারির মতো। এখানে তিনি মুখ্যমন্ত্রী নাম না করেই তাঁকে ভিখারির সঙ্গে তুলনা করেন।

বিতর্কিত ভাষা প্রয়োগ দিলীপের
বঙ্গ বিজেপির সভাপতি ভাষা প্রয়োগে কোনও শালীনতা মানেননি। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তোলেন, এই ভাষায় কোনও রাজ্য সরকার বা কোনও রাজনৈতিক দলকে কি কটাক্ষ করা যায়? তবে এসব সমালোচনার ধার ধারেননি তিনি। তিনি তৃণমূল সরকারকে এভাবেই একহাত নেন। প্রকারান্তরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বিতর্কিত ভাষা প্রয়োগ করেন।

রাজ্যের আইনশৃঙ্খলারও জলাঞ্জলি
জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেছে রাজ্য সরকার। সে প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, না বুঝে সবকিছুর বিরোধিতা করা এই সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। বাংলার মানুষ এখন বুঝতে পারছেন কোন ডাকাতদের হাতে ক্ষমতা ছেড়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলারও জলাঞ্জলি দিয়েছে এই সরকার।

তৃণমূল ভয় পেয়েছে মনিরুল ইসলামকে!
তিনি বলেন, রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা মার খাচ্ছে। মহিলাকে গুলি করা হচ্ছে, বিধায়ককে মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি নেতা-কর্মীদের মিথ্যে মাম লা ফাঁসানো হচ্ছে। তৃণমূল ভয় পেয়ে মনিরুল ইসলামকে একের পর এক মামলায় জড়িয়ে দেওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তৃণমূলের সেই ইচ্ছা পূরণ হবে না।

পুলিশ এখন তৃণমূলের ক্যাডারে পরিণত
দিলীপ ঘোষ আরও বলেন, পুলিশ এখন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। তবে নির্বাচন কমিশন আসুক, আমরাও দেখিয়ে দেব তৃণমূল কী করে রাজনীতি করতে পারে। তাঁর এই মন্তব্যেও বিতর্কের ঝড় ওঠে। প্রশ্ন ওঠে তবে কি বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে রাজ্যে শক্তি বাড়াতে চাইছে। রাজ্যের ক্ষমতা কায়েম করার পরিকল্পনা করছে বিজেপি?












Click it and Unblock the Notifications