শেক্সপিয়র নিয়ে আলোচনা করেন, কিন্তু কাজে 'ব্রাত্য'! সমালোচনা-বিভ্রান্ত করাই কাজ, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
অমিত শাহের পুত্র জয় শাহের সম্পত্তি আশিহাজার গুণ বৃদ্ধি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে ইকো পার্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা মিথ্যার সঙ্গে থাকতে চায়, তারা এটাই বলবে।
দিলীপ ঘোষের পাল্টা প্রশ্ন, উনি এই তথ্য কোথা থেকে পেলেন কেউ জানে না। একটা পোর্টাল নিউজ করেছিল। সেটা নিয়ে কেসও হয়েছিল। জানা গেছিল সেটা মিথ্যা। ওরা ক্ষমাও চেয়েছিল। তাই এখানে সত্যকে চাপা দেওয়ার জন্য কেরালা স্টোরি বন্ধ করা হয়েছে, মন্তব্য করেন দিলীপ ঘোষ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাই বই কথাঞ্জলী। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, আবোলতাবোল কথা আমরা ছোটবেলা থেকেই শুনি। কাউকে গালাগালি দেওয়া, সমালোচনা করা আর মানুষকে বিভ্রান্ত করা। এই তো ওদের কাজ। কোনও বিষয়ের ওপর একজন মুখ্যমন্ত্রী যদি সিরিয়াসলি না ভেবেই কথাবার্তা বলে দেন, তাহলে সেটা বিপজ্জনক, বলেছেন তিনি।
কাশ্মীর ফাইল ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, উনি না ভেবে অনেক কথা বলেন। যেটা জাতীয় সংহতি এবং দেশের পক্ষে ক্ষতিকারক। বাংলার মানুষ হয় এটা নিয়ে ভাবে না বা তাদের হজম হয়ে গেছে। কে গাঁধীজিকে চা খাইয়েছে, জল খাইয়েছে, এসব উনি বলেই থাকেন।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোড়াসাঁকোয় গিয়ে নাকি জানতে চেয়েছেন, কবিগুরুর জন্মতিথি নিয়ে। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, জন্মতিথিতেই তো এসেছেন। না জানার কী আছে। যারা বুঝতে পারে না, তাদের সমস্যা।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ব্রাত্য বসুর সংঘাতে বারবারে শেক্সপিয়র উঠে আসছে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ব্রাত্য বসু চিরদিন নাটক করেন, সবাই জানেন। তাই সেইসব নিয়ে আলোচনা করেন। বাস্তবে তাঁর কাজে এর কোনও প্রতিফলন নেই। উনি জানেন না, ওনার নিজের দফতরে কী হয়। উদাহরণ দিতে গিয়ে ইতিহাস ঘেঁটে রাজ্যপালের কথা বলেছেন।

সম্প্রতি রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার কথা নতুন করে বিজেপিতে যোগ দেওয়া সোনালী গুহ দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে ইডির কাছে তথ্য পৌঁছে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন বিষয়টি তাঁর জানা নেই হতে পারে। আর সোনালী গুহ সম্পর্কে বলেন উনি বিজেপিতে ছিলেন জানি। ছেড়ে গেছেন সেটা তো জানি না।












Click it and Unblock the Notifications