সস্তার প্রচারে কোটি কোটি খরচ, পাহাড়ে শিল্প সম্মেলন নিয়ে দিলীপ-বাণে বিদ্ধ মমতা
ঘটা করে বিশ্ববঙ্গ সম্মেলন হল, কটা শিল্প এসেছে রাজ্যে। আবার পাহাড়ে রাজনীতি করতে শিল্প সম্মেলনের আসর বসানো হল বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি।
ঘটা করে বিশ্ববঙ্গ সম্মেলন হল, কটা শিল্প এসেছে রাজ্যে। আবার পাহাড়ে রাজনীতি করতে শিল্প সম্মেলনের আসর বসানো হল বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি। কোটি কোটি টাকা ব্যয় করে শিল্প সম্মেলন করা হচ্ছে, অথচ চা বাগান বন্ধ, বহু লোক বেকার, তার কোনও উপায় বের করতে পারছেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শিল্প সম্ভাবনার কথা শুনিয়ে যাচ্ছেন বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

মঙ্গলবার থেকে দু'দিনের শিল্প সম্মেলনের আসর বসেছে পাহাড়ে। এদিন সেই শিল্প সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই শিল্প সম্মেলনের কড়া সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, এইসব সম্মেলন কোটি কোটি টাকা খরচ ছাড়া কিছুই নয়, আখেরে কোনও লাভ হয় না এইসব সম্মেলন করে।
তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর মুখে বিগত সাত বছর ধরে শুনে আসছি শিল্প সম্ভাবনার কথা। পাহাড়ে ২০টি চা-বাগান বন্ধ। সেগুলি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি আজও। বহু মানুষ কাজ হারিয়েছেন। তাঁরা আজও কাজ ফিরে পাননি।' এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, 'পাহাড় তো বছর খানেক আগে শান্তই ছিল, তখন ক'টা শিল্প আনতে পেরেছেন পাহাড়ে। এখন পাহাড়ে ঘটনা করে শিল্প সম্ভাবনার কথা প্রচার করছেন।'
এদিন শিশুপাচারকাণ্ডে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে যায় সিআইডি। এই ঘটনারও সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই, শিশু পাচারের ঘটনায় বিজেপি নেতা-নেত্রীদের নাম জড়ানো হয়েছে। অযথা বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না।' খুব শীঘ্রই সিবিআই আবার সক্রিয় হবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications