নিষেধ সত্ত্বেও সমুদ্রে নামায় তিন যুবককে বেধড়ক পেটানোর অভিযোগ দিঘা পুলিশের বিরুদ্ধে
পুলিশি নির্দেশ অমান্য করায় এলাকার তিন যুবককে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।
বিশেষ করে জোয়ারের সময় যখন সমুদ্র উত্তাল থাকবে সেই সময় কেউই দিঘার সমুদ্রে নামতে পারবেন না বলে আগেই নির্দেশ জারি করেছিল পুলিশ। গতবছর উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন বেশ কয়েকজন পর্যটক। ভরা সমুদ্রে নেমে কেউ যাতে বিপদে না পড়েন তার জন্য ওই নির্দেশ জারি করেছিল পুলিশ। একই সাথে নিয়ম ও নির্দেশ না মানলে তাদের জরিমানা করা হবে বলেও জানিয়েছিল পুলিশ।

ফলে পুলিশি নির্দেশ অমান্য করায় এলাকার তিন যুবককে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের নিষেধ অমান্য করে বৃহস্পতিবার দিঘার সমুদ্রে স্নান করতে নেমেছিলেন স্থানীয় বাসিন্দা সুবল ঘরাই সহ আরও দুই যুবক। এই অপরাধেই তাঁদের বেধড়ক মারধর করে পুলিশের লকআপে ভরে দেওয়ার অভিযোগ উঠল দিঘা কোস্টাল থানার বিরুদ্ধে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মহিলা ও অন্যান্য গ্রামবাসীরা দিঘা কোস্টাল থানায় গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দিঘা কোস্টাল থানার ওসি গোপাল পাঠক অত্যন্ত নারকীয়ভাবে তিন যুবককে মারধর করেছেন। 'ওই তিনজন যদি নিয়ম না মেনে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নিলে আমরা কিছু বলতাম না। কিন্তু তা না করে পুলিশ তাদের থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে' বলে এলাকাবাসীর অভিযোগ।
শুধু তাই নয়, এদের মধ্যে এক যুবক মার খেয়ে জ্ঞান হারালেও তাঁকে সেই অবস্থাতেই লকআপে দিনভর ফেলে রাখা হয় বলেও অভিযোগ। পরে রাতে মহিলারা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ তড়িঘড়ি তিনজনকে দিঘার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েছে।
এরই পাশাপাশি এলাকাবাসীদের অভিযোগ, কোন অপরাধে ওই তিন যুবককে এভাবে মারধর করা হল এবং লকআপে ভরে রাখা হয়েছে জানতে গেলে মহিলাদের ঘাড়ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেওয়া হয়ে । তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ মহিলাদের।
পরিস্থিতি আরও খারাপ হলে গ্রামের মহিলারা থানার সামনের রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে কাঁথি থেকে এসডিপিওর নেতৃত্বে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এলাকার এসডিপিও পার্থ ঘোষ রাতে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে ওই তিন যুবকের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা এবং পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।












Click it and Unblock the Notifications