পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির শক্তিবৃদ্ধি, সুকান্তের হাত ধরে যোগদান আরও এক শিল্পীর
পঞ্চায়েত ভোট আসতেই দলবদলের রেওয়াজ শুরু হয়েছে। সবদলই সচেষ্ট নিজেদের দলভারী করতে। মালদহে যেমন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন একঝাঁক নেতা, তেমনই বিজেপি কলকাতার সদর দফতরে যোগদান করিয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী পদ্মশ্রী পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দু দাসকে।
একুশের নির্বাচনের আগে এক ঝাঁক শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের দলে নাম লিখিয়েছিল বিজেপি। কিন্তু সেভাবে নির্বাচনে ফায়দা লুটতে পারেনি তারা। একুশের ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়ছিল। কোনো রাজনীতিতে নবাগত অভিনেতা-অভিনেত্রী চমক দিতে পারেননি ভোটে জিতে।

ভেটের পর তারা বসন্তের কোকিলের মতোই বেপাত্তা হয়ে গিয়েছিলেন বিজেপিতে। অনেকে বিজেপি ছেড়েছিলেন। কিন্তু রাজ্যে পঞ্চায়েত ভোট যখন আসন্ন, তখন ফের বিজেপি শিল্পীদের দিকে হাত বাড়াল। বাউলশিল্পী পূর্ণদাসের ছেলে দিব্যেন্দু দাস বাউল যোগদান করলেন বিজেপিতে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দুদাস বাউল। শুক্রবার বিজেপির সদর দফতরে সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা নেন তিনি। তারপর তিনি বলেন, বর্তমানে বাংলার করুণ অবস্থা। এই পরিস্থিতিতে আমি সাধারণ মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দিতে চেয়েছিলাম।
বিজেপিতে যোগদানের কারণ দর্শিতে দিব্যেন্দু দাস বাউল বলেন, দল যদি প্রার্থী করতে চায় অবশ্যই হব। কিন্তু প্রার্থী হওয়াটাই তাঁর একমাত্র উদ্দেশ্য নয়। তিনি চান মানুষের জন্য কাজ করতে মানুষের কথা বলতে। সে জন্যই তাঁর রাজনীতিতে আসা। পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের কথা তুলে ধরাই হবে তাঁর উদ্দেশ্য।

দিব্যেন্দু দাস বাউল বিজেপিতে যোগ দিয়ে এদিন বলেন, আমি এখন নরেন্দ্র মোদীর দলের সদস্য। বিশ্বের সর্ববৃহৎ দলের একজন। আমার রাজ্য সভাপাতি সুকান্ত মজুমদার। তিনি যা বলবেন, তাঁর কথা মেনেই এই দল করব। তিনি যেমন নির্দেশ দেবেন, সেই নির্দেশ পালন করব মানুষের স্বার্থে।
বাবার মতোই দিব্যেন্দু দাস বাউল নিজেও শিল্প জগতের একটা বড় নাম। তাঁর মতো মাটির শিল্পীর বিজেপিতে যোগদান পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের অক্সিজেন দেবে। এখন দেখার বিজেপি বহরে বাড়তে আর কোন কোন উদ্যোগ নেয়। আর কোনো চমক থাকে কি না।

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি দলের শক্তি বাড়াতে উদ্যোগী হয়েছে। জেলায় জেলায় যোগদান কর্মসূচি চালাচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিদিনই দলে যোগদান মেলা চলছে। ময়নাগুড়িতে, বালুরঘাটে বিজেপিতে যোগদান করেছে শতাধিক পরিবার। বিভিন্ন দল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেছেন।












Click it and Unblock the Notifications