ভোটের আগে শান্তিকুঞ্জে আরও এক পদ্মফোটার জল্পনার মাঝে দিব্যেন্দু দিয়ে রাখলেন জোর বার্তা
ভোটের আগে শান্তিকুঞ্জে আরও এক পদ্মফোটার জল্পনার মাঝে দিব্যেন্দু দিয়ে রাখলেন জোর বার্তা
শিশির অধিকারী এগরার বিজেপি মঞ্চে উপস্থিত হওয়ার পর থেকেই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে পারদ চড়েছিল। জল্পনা চড়েছিল, শান্তিকুঞ্জে পদ্মফোটানোর যে চ্যালেঞ্জ অভিষেক ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দুর দিকে , তার শেষ পর্বের ক্লাইম্যাক্সে কি দিব্যেন্দুকে দেখা যাবে? এরপর এদিন মোদীর সভায় দিব্যেন্দুর অনুপস্থিতির পর তিনি নিজেই খুললেন মুখ।

উপস্থিত ছিলেন দিব্যেন্দুর স্ত্রী!
এদিন কাঁথিতে মোদীর সভায় দিব্যেন্দু অধিকরী বিজেপিতে যোগ দিচ্ছেন কি না তা নিয়ে জল্পনা ছিল সমস্ত মহলের। তবে সেখানে দিব্যেন্দু উপস্থিত না হলেও উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুতপা । এমনই তথ্য উঠে আসে এক বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে।

মুখ খুললেন দিব্যেন্দু
দিব্যেন্দু এদিন জানান যে 'অন্য এক কারণে'তিনি মোদীর সভায় যাননি । তবে কারণটি খুব একটা খোলসা করতে দেখা যায়নি শান্তিকুঞ্জের এই সদস্যকে। তবে বিজেপিতে যোগদানের প্রসঙ্গ নিয়ে তিনি জানিয়েছেন যে আর ২-৩ দিনের মধ্যে তিনি জানিয়ে দেবেন নিজের অবস্থান।

ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রাম ও দিব্যেন্দু
নন্দীগ্রামের যুদ্ধ নিয়ে এদিন মুখ খুলেই মমতা কে নিশানা করেছেন দিব্যেন্দু। তিনি বলেন, 'উনি (মমতা) আবেগতাড়িত হয়ে নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন। নন্দীগ্রামের মানুষ ওঁর সঙ্গে নেই। '

প্রসঙ্গে পদ্ম ও অধিকারী পরিবার
এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে দিব্যেন্দু অধিকারী জানান, 'অধিকারীপরিবারকে গালাগালি করলে তার বিপরীত প্রতিক্রিয়া ঘটবে। মমতা আমাদের মীরজাফর বলেছেন, কিন্তু কে মীরজাফর তা র উত্তর উনি পাবেন। ' এর সঙ্গেই শুভেন্দুর ভাই দিব্যেন্দু বলেন, 'পদ্ম ভারতের জাতীয় ফুল। তাকে উপড়ে ফেলার ক্ষমতা কারও নেই।'












Click it and Unblock the Notifications