কাঞ্চনকে ঘাটালে প্রচারে নিলেন দেব, রোড শোয়ের সেলফি নিয়ে তৃণমূলে নয়া বিতর্ক ?
অভিনেতা, বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে তীব্র বিতর্ক দলের একাংশের মধ্যে। "গ্রামে তুমি এসো না", এই কথা বলে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কাঞ্চন মল্লিককেই এবার পাশে, প্রচারে নিলেন দেব।
ঘাটাল কেন্দ্রে প্রচারে কাঞ্চন মল্লিককে শুধু ডাকলেই না। গাড়িতে নিজের পাশে জায়গা করে দিলেন কাঞ্চনকে৷ প্রচারের ফাঁকে ছবি তুললেন দুজনে। একটি সেলফি গতকাল মঙ্গলবার রাতেই নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন দেব।

আর এই ছবি ঘিরেই চর্চা। যেখানে পোড়খাওয়া তৃণমূল সাংসদ গাড়ি থেকে নামিয়ে দেন। সেখানে কাঞ্চনকে কাছে টেনে নিচ্ছেন দেব। গতকাল মঙ্গলবার ঘাটালে প্রচার, রোড শো ছিল দেবের। সেখানেই কাঞ্চনকে দেখতে পাওয়া যায়৷
উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক দেবের কাছ থেকে প্রচারে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। মঙ্গলবার কেশপুর বিধানসভার একাধিক জায়গায় দেব ও কাঞ্চন যৌথ প্রচার করেন। মোহনপুর, বড়বোরজ, ছোটবোরজ, আনন্দপুর এলাকায় সাধারণ মানুষ রীতিমতো হামলে পড়েছিল। দেব ও কাঞ্চন মানুষের প্রচুর শুভেচ্ছাও গ্রহণ করেছেন বলে খবর।
প্রবল গরমের মধ্যেও প্রচুর মানুষ উপস্থিত। রাতের রোড শোয়ের সময় প্রচুর মানুষ তাদের অভিনন্দন জানিয়েছেন। দেব সেই ফাঁকে কাঞ্চনকে নিয়ে সেলফি তুলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় দেবের সেলফি এখন ভাইরাল। নেটিজেনরাও এই ছবিকে অত্যন্ত ভালোভাবেই নিয়েছেন।
কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। এই ছবি কি নতুন করে বিতর্ক জন্ম দিল? দুঁদে রাজনীতিবিদ তিন বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন৷ একজন বিধায়ককে প্রকাশ্যে চলে যেতে বললেন। ক্যামেরার সামনে সেই বিষয়ে মন্তব্যও করেছেন। কল্যাণকে সমর্থন করেছেন কুণাল ঘোষ। দলও এই বিষয়ে খুব একটা কথা বলছে না।
কাঞ্চনের তৃতীয় বিয়েই কি এই ঘটনাকে উসকে দিল? সেই চর্চা হচ্ছে। তখন দেব আর কাঞ্চনের ছবি সামনে এল। প্রধান ছবিতেও কাঞ্চন দেবের সঙ্গে অভিনয় করেছেন। দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। কাঞ্চন জানিয়েছেন, দেবের প্রচারে এসে ভালো লেগেছে। দেব কাজের মানুষ। কে কী করল, কিছু যায় আসে না।
দেব কাঞ্চনকে সঙ্গে নিয়ে কি অন্য বার্তা দিলেন? কুণাল ঘোষ মাঝেমধ্যেই দেবকে আক্রমণ করেছেন। সেই কুণাল ঘোষকেও কি ঘুরিয়ে বার্তা দিলেন দীপক অধিকারী?












Click it and Unblock the Notifications