নিম্নচাপের জেরে রাজ্যের পশ্চিমাঞ্চলে বৃষ্টি, বুধবারেও বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টি থেকে কলকাতা রেহাই পেলেও,বৃষ্টি থেকে রেহাই নেই রাজ্যের। সোমবার রাত থেকে নিম্নচাপটি সরে গিয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল এবং ঝাড়খণ্ডের দিকে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া চলছে রাজ্যের পশ্চিমাঞলে
বৃষ্টি থেকে কলকাতা রেহাই পেলেও, বৃষ্টি থেকে রেহাই নেই রাজ্যের। সোমবার রাত থেকে নিম্নচাপটি সরে গিয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল এবং ঝাড়খণ্ডের দিকে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া চলছে রাজ্যের পশ্চিমাঞ্চলে।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল আগেই। সোমবার সকালেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। যার জেরে সারাদিন ধরে মুষলধারায় বৃষ্টি। সন্ধের পর থেকে কলকাতার আশপাশের এলাকায় বৃষ্টি কমতে থাকে।
কলকাতায় যখন থেকে বৃষ্টি কমতে থাকে, ঠিক তখন থেকেই বৃষ্টি আর দমকা হাওয়ার দাপট বাড়তে থাকে রাজ্যের পশ্চিমাঞ্চলে। দুপুরের পর থেকে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। দুর্ভোগে পড়েন কাজে বেরনো মানুষজন। আসানসোল, বীরভূমে সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় জল জমে যায়। মঙ্গলবার সারাদিনই এই অবস্থা জারি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সারাদিনই কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্যা আরও বেশ কিছুদিন থাকবে বলেই মনে করছেন আবহবিদরা।
রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার সারাদিনই নবান্ন থেকে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications