Cyclone Midhili: গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিধিলিতে! উপকূল থেকে কতটা দূরে, কোথায় তাণ্ডব
Cyclone Midhili: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপ গত ছয় ঘন্টা ধরে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে ঘন্টায় ২০ কিমি বেগে। ইতিমধ্যেই তা ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টি এবং বাকি কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন ভোরে ঘূর্ণিঝড় মিধিলির অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্বে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিমি দক্ষিণ-পশ্চিমে। আবহাওয়া দফতরের অনুমান এই ঘূর্ণিঝড় আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং ১৭ নভেম্বর রাতে কিংবা ১৮ নভেম্বর ভোরে তা ঘন্টায় ৬০-৭০ কিমি বেগে বাংলাদেশের খেপুপাড়ার খুব কাছ দিয়ে উপকূল অতিক্রম করবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন অর্থাৎ ১৭ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের দু-একটি জায়গাতেও বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া এই সময় শুকনো থাকবে বলে জানানো হয়েছে।
১৮ নভেম্বর শনিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলার দু-একটি জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের ১৮ নভেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
এই সময় উপকূলের জেলাগুলিতে বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বইছে। এই ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় ৪০-৫০ কিমি হতে পারে। দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি হতে পারে। তবে ধীরে ধীরে তা বেড়ে ৫৫-৬৫ এবং ৭৫ কিমি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।












Click it and Unblock the Notifications