ডিএ-র আঁচ ছড়িয়ে পড়ল নবান্নে! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুললেন সরকারি কর্মীরা
বজ্র আঁটুনি ফস্কা গেঁরো। অন্তত এমনটিই মঙ্গলবার দেখা গেল নবান্নে। কোনও রকমের অবস্থান-বিক্ষোভ নিষিদ্ধ হলেও, দুপুরে ডিএ-র দাবিতে সেখানে বিক্ষোভ দেখালেন ১০ থেকে ১২ জন রাজ্য সরকারি কর্মী।
বজ্র আঁটুনি ফস্কা গেঁরো। অন্তত এমনটিই মঙ্গলবার দেখা গেল নবান্নে। কোনও রকমের অবস্থান-বিক্ষোভ নিষিদ্ধ হলেও, দুপুরে ডিএ-র দাবিতে সেখানে বিক্ষোভ দেখালেন ১০ থেকে ১২ জন রাজ্য সরকারি কর্মী। পুলিশ পরে কর্মীদের নবান্নের বাইরে নিয়ে যায়।

রাজ্য সরকারের সদর দফতর নবান্ন। কড়া নিরাপত্তা। প্রায় সাড়ে তিন হাজার সিসিটিভি। এই নিরাপত্তা ও সিসিটিভিকে বুড়ো আঙুল দেখিয়ে নবান্নে বিক্ষোভ দেখালেন ১০ থেকে ১২ জন রাজ্য সরকারি কর্মী। এই সরকারি কর্মীরা সিপিএম প্রভাবিত সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির সদস্য বলে জানা গিয়েছে।
বিক্ষোভ দেখানো শুরু হয় বেলা দেড়টা নাগাদ। স্থান একতলার ক্যান্টিনের বাইরে। কর্মীরা ডিএ বাড়ানোর দাবিতে স্লোগান দেন। একইসঙ্গে পে-কমিশন লাগু করার দাবিও করেন তাঁরা। কড়া নিরাপত্তা ও প্রায় সাড়ে তিন হাজার সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন এই বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে জানা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নবান্নের অন্দরেই।
তবে স্লোগান ওঠার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন পুলিশকর্মীরা। তাঁরাই স্লোগান দেওয়ার কর্মীদের নবান্নের বাইরে বের করে মন্দিরতলা পর্যন্ত নিয়ে যান। যাতে তাঁরা ফিরতে না পারেন সেই ব্যবস্থাও করেন পুলিশকর্মীরা। সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া কর্মীদের অভিযোগ পশ্চিমবঙ্গে যা চলছে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক।
প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রী মঙ্গলবার হুগলি গিয়েছেন। তিনি না থাকায় নবান্নের নিরাপত্তায় ঢিলে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications