মোদী সরকারের নয়া তেল নীতিতে পথে বসছে পেট্রোল পাম্পগুলি, অভিযোগ অ্যাসোসিয়েশনের
‘নোট বন্দি করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কেন্দ্র। সেই ক্ষতি পূরণ করতেই এখন পেট্রোল-ডিজেলে এমন নয়াবিধি লাগু করা হয়েছে। তেল কোম্পানিগুলির সঙ্গে হাত মিলিয়েই এসব করা হয়েছে।’
পেট্রোলের ধারাবাহিক মূল্যবৃদ্ধির ঘটনায় কেন্দ্রীয় সরকার ও তেল কোম্পানিগুলিকে কাঠগড়ায় তুলল ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন। তাঁরা এবার কেন্দ্রীর সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে তারা। শীঘ্রই পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করবে পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। শুধু এ রাজ্যের অ্যাসোসিয়েশনই ক্ষুব্ধ নয়, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে জোট বাঁধছে ১৪টি রাজ্যের পেট্রোলিয়াম সংগঠন।
শুক্রবার পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার সেন বলেন, 'কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে দৈনিক মূল্যবৃদ্ধির নিয়ম লাগু করে চরম সংকটে ফেলে দিয়েছে পেট্রোলিয়াম সংস্থাগুলিকে। এর ফলে আমাদের পেট্রোলিয়ামজাত সমস্ত পণ্য মজুত করতেই সমস্যা হচ্ছে। আগে আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির ওঠাপড়ার উপর ভিত্তি করে আমরা এগোতে পারতাম। এখন সেসব বন্ধ।'

তাঁর অভিযোগ, 'আদৌ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক পেট্রোলের মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। কেন্দ্রীয় সরকার যে হিসেব দেখাচ্ছে, তাতে অনেক জল মেশানো রয়েছে। আসলে কেন্দ্রের এনডিএ সরকার পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধিতে এই নয়া নিয়ম লাগু করে ক্ষতিপূরণ করতে চাইছে।'
তিনি বলেন, 'নোট বন্দি করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কেন্দ্র। সেই ক্ষতি পূরণ করতেই এখন পেট্রোল-ডিজেলে এমন নয়াবিধি লাগু করা হয়েছে। তেল কোম্পানিগুলির সঙ্গে হাত মিলিয়েই এসব করা হয়েছে। লাভ হচ্ছে সরকার পক্ষ ও কোম্পানিগুলির। মাঝখান থেকে বিপাকে পড়ছি আমরা। আমরা নিত্যদিন সমস্যার সঙ্গে লড়াই চালাচ্ছি।'
তাঁর কথায়, 'এই নয়াবিধি চালু হওয়ার পর শুধু যে ধাপে ধাপে বিপুল পরিমাণ দাম বাড়ানো হচ্ছে তা নয়, পেট্রোল পাম্পগুলিতে নজরদারি চালানো হচ্ছে। আমাদের কতজন কর্মী, কত টাকা করে বেতন পান তাঁরা, সবকিছুতে নাক গলাচ্ছে তেল কোম্পানিগুলি। এইসব নিয়েই আমরা পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে যাব। আমাদের দাবিগুলি তুলে ধরব। তা পরিপূর্ণ না হলে লাগাতার আন্দোলনের রাস্তায় হাঁটব আমরা।'
তুষারবাবু বলেন, 'দৈনিক মূল্যবৃদ্ধি শুরু হওয়ার পর প্রতি লিটার পেট্রোলের দাম সাত টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। মানুষকে বুঝতে না দিয়ে পেট্রোলের দাম আকাশছোঁয়া করে তোলা হচ্ছে। মোদী সরকারের এই অভিসন্ধি ভালো ভাবে নিচ্ছে না কেউ। না আমরা, না গ্রাহকরা। ক্ষোভ বাড়ছে দিন দিন।'
উল্লেখ্য, বর্তমানে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৭৩ টাকা ১৭ পয়সা। বিগত পাঁচ দিনের মধ্যে মাত্র একদিন ৩ পয়সা দাম কমেছিল। তারপর থেকে শুধু দাম বৃদ্ধি হয়েছে। সপ্তাহের শুরুতে কলকাতায় পেট্রোলের দাম ছিল ৭৩ টাকা ২ পয়সা। এখন সেই দাম দাঁড়িয়েছে ৭৩ টাকা ১৭ পয়সা। একমাসে পেট্রোলের মূল্যবৃদ্ধি হয়েছে তিন টাকারও বেশি।












Click it and Unblock the Notifications