পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল মালদহে, পরিবারের সদস্যরা আনলেন চাঞ্চল্যকর অভিযোগ
ভিনরাজ্যে বাংলার মানুষজনের উপর হেনস্থা চলছে বলে বারবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সেই আবহে এবার ভিনরাজ্যে কাজ করতে যাওয়া মালদহের পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। আজ সকালে অ্যাম্বুল্যান্সে করে তাঁর মৃতদেহ মালদহে পৌঁছয়।
ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর নিমতলা এলাকার ঘটনা। পরিবার ও পরিজনদের অভিযোগ, ঠিকাদার সংস্থা ও অ্যাম্বুল্যান্স চালকের কথায় অসঙ্গতি রয়েছে। ঠিকাদার না আসা পর্যন্ত অ্যাম্বুল্যান্স আটকে রাখেন মৃতের পরিজনেরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম জগন্নাথ চৌধুরী (৪০)। স্ত্রী অঞ্জলি চৌধুরী। তাঁদের দুই কন্যা রয়েছে। বাড়ি মাধবনগর নিমতলা এলাকায়। মৃতর স্ত্রী ও পরিজনদের দাবি, পরিবারে অভাবের কারণে গত চার মাস আগে জগন্নাথ হায়দরাবাদে পাড়ি দিয়েছিলেন কাজে যোগ দিতে। গত শুক্রবার হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানানো হয় জগন্নাথের বাড়িতে। জানানো হয় হায়দরাবাদে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার পরিবারের লোককে জানানো হয় ট্রেনে চাপিয়ে বাড়ি পাঠানো হচ্ছে ওই পরিযায়ী শ্রমিককে। কিছুক্ষণ বাদে বাড়িতে খবর আসে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পাঠানো হয় মালদহে। এরপর অ্যাম্বুল্যান্স আটকে রাখেন পরিবার ও পরিজনেরা। যে ঠিকাদার জগন্নাথকে কাজে নিয়ে গিয়েছিলেন তাঁর দেখা না পেয়ে অ্যাম্বুল্যান্সটি আটকে রাখা হয়। পরিবারের লোকজনের দাবি, সঠিক বিষয় সামনে আসুক। অ্যাম্বুল্যান্স চালক ও ঠিকাদার সংস্থার কথায় অসঙ্গতি রয়েছে। মৃতের পরিবারের দাবি, বাংলায় কাজ না থাকার কারণে ভিনরাজ্যে গিয়েছিলেন জগন্নাথ।












Click it and Unblock the Notifications