ড্রেজিং প্রয়োজন দামোদরের ব্যারাজে, মেনে নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
দামোদরের ব্যারাজে ড্রেজিং প্রয়োজন। বাঁধ ঠিক রাখার জন্য ড্রেজিং করতে হবে। এই কথা মেনে নিলেন কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী৷ ডিভিসির ব্যারাজের নাব্যতা কমে গিয়েছে। জলধারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। সেই অভিযোগ বহু বার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্যা পরিস্থিতি রুখতে দামোদর নদে ড্রেজিং শুরু করতে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করবে কেন্দ্র। কেন্দ্রীয় এই কমিটি সমন্বয় রক্ষা করে চলবে রাজ্য সরকারের সঙ্গে। দুর্গাপুর ব্যারাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী। তিনিই এই বিষয়ে বার্তা দিলেন।

আজ মঙ্গলবার দুর্গাপুর ব্যারাজ পরিদর্শন করেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সঙ্গে ছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কথা বলেন ডিভিসি আধিকারিকদের সঙ্গে।
প্রতি বছর বর্ষা বা অতি বৃষ্টিতে দামোদর নিয়ে দুশ্চিন্তা বাড়ে। ডিভিসির জল ছাড়ার জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়। রাজ্যের শাসক দল বহু বছর ধরে এই অভিযোগ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, " ম্যান মেড বন্যা।" কেন্দ্র - রাজ্য সংঘাতও বাড়ে।
দামোদরে ড্রেজিং না হওয়া বন্যার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার সেই ড্রেজিংয়ের কাজে উচ্চপর্যায়ের কমিটি তৈরি হবে। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার সদর্থক ভূমিকা নেবে। এমনই জানান কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী। ওই কমিটি রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী বলেন, রাজনীতি নয়। এবার মানুষের স্বার্থে রাজনীতির উপরে উঠে কাজ করুক রাজ্য সরকার। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন, রাজ্য সরকার দুর্গাপুর ব্যারেজ দামোদর নদ নিয়ে উদাসীন। আর যার জন্য প্রতি বর্ষায় বা অতি বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বাড়ে।
ফি বছর ডিভিসির জলের জেরে দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হুগলি, হাওড়া সহ বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তা রুখতে কতটা সদর্থক ভূমিকা নিতে পারে কেন্দ্র ও রাজ্য সরকার? রাজ্য সরকার কতটা সাড়া দেয় কেন্দ্রের ডাকে?












Click it and Unblock the Notifications