বঙ্গোপসাগরকে টেক্কা আরব সাগরের, বিপর্যয় না তেজ- নামকরণের সংশয় ঘোচাল আইএমডি
ঘূর্ণিঝড় মোখার পর বঙ্গোপসাগর ও আরবসাগরে একসঙ্গে দুই ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা জানিয়েছিল বিভিন্ন আবহাওয়া সংস্থা। তবে বঙ্গোপসাগরকে টেক্কা দিয়ে আরব সাগরের বুকেই আগে তৈরি হল ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ২৪ ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আইএমডি।
বঙ্গোপসাগরের থেকে আরব সাগরের বুকে আগে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এই ঘূর্ণিঝড়ই বিপর্যয় নাম পেতে চলেছে। এরপর বঙ্গোপসাগরের বুকে তৈরি ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তার নাম হবে তেজ। এখানে উল্লেখ্য বিপর্যয় নামটি বাংলাদেশের দেওয়া আর তেজ নামটি দিয়েছে ভারত।

২০২৩-এর প্রথম ঘূর্ণিঝড় হিসেবে গত মে মাসে উত্তর ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় মোখা। তা সুপার সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। এই ঝড় ছিল ২০২০-তে তৈরি ১৬৯টি নামের তালিকার প্রথম স্তম্ভের শেষ ঝড়।
বাংলাদেশ-মায়ানমারে আছড়ে পড়া ঘূর্ণিঝড় মোখার পর একইসঙ্গে এক জোড়া ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়। ভারতীয় উপকূল সংলগ্ন দুই সাগরে একসঙ্গে দুই জোড়া ঘূর্ণিঝড় তৈরি হওয়ায়, কোন ঝড়ের কী নাম হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়।

২০২০-র তালিকার দ্বিতীয় স্তম্ভের ১৩টি ঝড়ের তালিকা থেকে এবার নামকরণ হবে। এই তালিকায় প্রথমেই নাম রয়েছে বিপর্যয়ের। অর্থাৎ মোখার পর যে ঘূর্ণিঝড় ধেয়ে আসবে তার নাম হবে বিপর্যয়। আর বিপর্যয়ের পরে যে ঝড় আসবে তার নাম হবে তেজ। কিন্তু কোন ঘূর্ণিঝড়ের নাম হবে বিপর্যয় আর কোন ঘূর্ণিঝড়ের নাম হবে তেজ?
দুই সাগরের উপকূলে যেহেতু দুটি ঝড়ই প্রায় একসঙ্গে তৈরি হয় এবং একই সঙ্গে তাণ্ডব চালাতে পারে বলে মনে করেছিল আবহাওয়া দফতর। এই অবস্থায় মৌসম ভবন সিদ্ধান্ত নেয়, যে ঝড় আগে তৈরি হবে, সেই ঝড়ের নাম হবে বিপর্যয়। আর পরে তৈরি ঝড়ের নাম হবে তেজ।

এখন দেখা যাচ্ছে বঙ্গোপসাগরকে হারিয়ে আরব সাগরে আগে ঘূর্ণাবর্ত তৈরি হল। বর্তমান সিস্টেম অনুযায়ী আরব সাগরে তৈরি ঘূর্ণাবর্তই আগে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ফলে আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড়ই বিপর্যয় নামকরণ পেতে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি ঝড়ের নাম হবে তেজ। ৫ জুন ঘূর্ণাবর্ত তৈরির পরই স্পষ্ট হল কোন ঘূর্ণিঝড় কোন নাম পাবে।
১৩টি দেশকে সারিবদ্ধভাবে সাজিয়ে নামের তালিকা তৈরি হয়। বাংলাদেশ থেকে শুরু করে ভারত, ইরান, মালদ্বীপ মায়ানমার, ওমান পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও আরব আমীরশাহী ও ইয়েমেন ঝড়ের নামকরণ করেছে। সেই অনুযায়ী আগামী ১৩টি ঝড় হল- বিপর্যয়, তেজ, হামুন, মিধিলি, মিচায়ুং, রেমাল, আসনা, ডানা, ফেঙ্গাল, শক্তি, মোন্থা, সেনিয়ার ও দিত্বাহ।












Click it and Unblock the Notifications