আম্ফানের স্মৃতি উসকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘ইয়াস’! অভিমুখ সেই সুন্দরবন
২০২০-র করোনা লকডাউনের শুরুতেই ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলার উপকূল অভিমুখে ধেয়ে এসেছিল সুপার সাইক্লোন আম্ফান। আম্ফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবন।
২০২০-র করোনা লকডাউনের শুরুতেই ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলার উপকূল অভিমুখে ধেয়ে এসেছিল সুপার সাইক্লোন আম্ফান। আম্ফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবন। সেই আম্ফানের বর্ষপূর্তি হতে না হতেই আরও এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস শোনায় হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি সেই ঘূর্ণিরও অভিমুখ সুন্দরবনই।

বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ কি হবে ঘূর্ণিঝড় ইয়াস?
আম্ফানের দগদগে ঘা এখনও শুকোয়নি বাংলার বুক থেকে। সুন্দনবনের শ্রী এখনও ফেরানো যায়নি করোনার এই যুদ্ধকালীন পরিস্থিতিতে। এখনও বিদায় নেয়নি করোনা, উল্টে করোনার দ্বিতীয় তরঙ্গ আরও ভয়াল রূপে ছড়িয়ে পড়েছে বাংলায়। এরই মধ্যে পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলা আরও এক ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসার পূর্বাভাস দিল হাওয়া অফিস।

তাউকটের গমনের পথ ধরে জোড়া ঘূর্ণিঝড়ের হানা!
সোমবার সন্ধ্যায় মুম্বই ও গুজরাতে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন তাউকটে। তাউকটে শক্তি হারাতেই হাওয়া অফিস জোড়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল। বঙ্গোপসাগর দিয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসার পাশাপাশি আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার নাম হবে গুলাব। ইয়াস ওমানের দেওয়া নাম, গুলাবের নামকরণ করেছে পাকিস্তান।

২৩ থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে ঝড়
আইএমডি জানিয়েছে, দুটি নিম্নচাপ ঘণীভূত হচ্ছে উত্তর ভারত মহাসাগরের ক্রান্তীয় ক্ষেত্রে। একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে, আরেকটি আরব সাগরে। বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ২৩ থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায়। এর অভিমুখ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা ঝড়ের মুখে
পূর্ব বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে প্রাথমিকভাবে ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা ফের ঘূর্ণিঝড়ের মুখে রয়েছে। আর এই ঘূর্ণিঝড় যদি উত্তর-পশ্চিমে অভিমুখ বদল করে তবে পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে।

আরব সাগরের কর্ণাটক উপকূলে আরও একটি ঘূর্ণিঝড়
কেন্দ্রীয় হাওয়া অফিস জানিয়েছে, আরব সাগরের কর্ণাটক উপকূলে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। নিম্নচাপ ঘণীভূত হতে চলেছে। তা ঝড়ের রূপ নিয়ে তাউকটের ধ্বংসলীলা চালিয়ে যাওয়ার পর আরও এক দুর্যোগের মুখে দাঁড়িয়ে আছে ভারতের পশ্চিম উপকূলের রাজ্যগুলি। তবে এই ঝড়ের অভিমুখ কোন দিকে হবে, তা এখনও স্পষ্ট করেনি আইএমডি।












Click it and Unblock the Notifications