Cyclone Tej: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি, আরও এক ঘূর্ণিঝড় নিয়ে বড়ো আপডেট আইএমডির
Cyclone Tej:আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো নির্দিষ্ট সময়েই আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এবং তা দুদিনের মধ্যেই ঘূর্ণিঝড় বিপর্যয়ের রূপ নিয়েছে। এই ঘূর্ণিঝড় যখন ভারতের পশ্চিম উপকূলে বিপর্যয়ের ত্রাস সৃষ্টি করেছে, তখন ভারতের পূর্ব উপকূলকে ত্রস্ত করতে আসছে ঘূর্ণিঝড় তেজ।
ঘূর্ণিঝড় বিপর্যয় ও ঘূর্ণিঝড় তেজ একইসঙ্গে দুই সাগরে তৈরি হবে বলে জানিয়েছিল বিভিন্ন আবহাওয়া সংস্থা। তবে শেষ মুহূর্তে বঙ্গোপসাগরকে টেক্কা দিয়ে আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তাই ঘূর্ণিঝড় তেজ এখনও অপেক্ষায় বঙ্গোপসাগরে। তবে ঘূর্ণিঝড় তেজ তৈরি হওয়া নিয়ে সংশয় রয়েছে আইএমডির পূর্বাভাসে।

মৌসম ভবন বা আইএমডির পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন সমুদ্রে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহবিদরা জানিয়েছেন, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে তা নিম্নচাপে পরিণত হবে। কিন্তু এরপর নিম্নচাপ থেকে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে সন্দিহান আবহবিদরা।
এখনও ঘূর্ণিঝড় তেজের গঠন নিয়ে নিশ্চিত নন মৌসম ভবনের আধিকারিকরা। আবহ বিশেষজ্ঞরা মনে করছেন. নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো রসদ এই মুহূর্তে ঘূর্ণাবর্তের রয়েছে কি না, তা নিয়ে সংশয় থাকছে, তবে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে।
ঘূর্ণিঝড় মোখা হানা দেওয়ার পর বঙ্গোপসাগর ও আরবসাগরে একসঙ্গে দুই ঘূর্ণাবর্ত তৈরির কথা জানিয়েছিল বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থা। সেইমতো আরব সাগরের বুকে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বঙ্গোপসাগরের থেকে আরব সাগরের বুকে আগে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় এই ঘূর্ণিঝড়ই বিপর্যয় নাম পেয়েছে।

একইসঙ্গে বঙ্গোপসাগরের বুকে তৈরি ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে তার নাম হবে তেজ। এখানে উল্লেখ্য বিপর্যয় নামটি বাংলাদেশের দেওয়া আর তেজ নামটি দিয়েছে ভারত। কিন্তু ঘূর্ণিঝড় তেজ নিয়ে এখনও সংশয়ে রয়েছে আইএমডি। জুন মাসে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তা ঘূর্ণিঝড়ে নাও রূপান্তরিত হতে পারে বলে শঙ্কা।
২০২৩-এর প্রথম ঘূর্ণিঝড় হিসেবে গত মে মাসে উত্তর ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় মোখা। তা সুপার সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। তারপর জুন মাসে ঘূর্ণিঝড় সে অর্থে বিরল। এর আগে জুনের মাঝপথে কমই ঘূর্ণিঝড় হানা দিয়েছে।
সাধারণত বঙ্গোপসাগর অনেক বেশি ঘূর্ণিঝড়প্রবণ। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরকে হারিয়ে আরব সাগরে আগে ঘূর্ণাবর্ত তৈরি হল। বঙ্গোপসাগরেও সিস্টেম বর্তমান রয়েছে, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ অনুকূল নয় বলেই ঘূর্ণিঝড় তৈরি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আইএমডি। আপাতত ২৪ ঘণ্টার অপেক্ষা ঘূর্ণিঝড় তেজের ভবিষ্যথ জানতে।












Click it and Unblock the Notifications