Cyclone Remal: রবিবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে রেমাল, কখন হবে ল্যান্ডফল?
অতি গভীর নিম্নচাপ আগেই তৈরি হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়া এখন সময়ের অপেক্ষা। আলিপুর আবহাওয়া দফতর থেকে বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। উত্তর দিকে ক্রমশ এগিয়ে আসছে রেমাল।
হাওয়া অফিস জানাচ্ছে৷ আগামী কাল রবিবার সকালেই শক্তি বাড়িয়ে রেমাল সিভিআর সাইক্লোন আকার নেবে। শুধু তাই নয়, আরও উত্তর দিকে সে অগ্রসর হবে। ভারত বাংলাদেশ অভিমুখে স্থলভাগের উপর আছড়ে পড়ার সম্ভাবনা আরও তীব্র হয়েছে।

বঙ্গোপসাগর রেমাল প্রচুর শক্তি সঞ্চয় করবে। কখন রেমাল স্থলভাগে আঘাত করবে? তাই নিয়ে প্রশ্ন উঠেছিল। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার রাত এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডফল হবে রেমালের। সেই সময় রেমালের গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ১৩৫ কিলোমিটার। অর্থাৎ অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে স্থলভাগের উপর।
আগামী কাল রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এই দুই জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে আজ রাতের পর থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। যত সময় যাবে, ভারী বৃষ্টি ও হাওয়ার দাপট বাড়বে।
উপকূলের জেলাগুলিতে আগাম সর্তকতা জারি করা হয়েছিল আগেই। মানুষদের সতর্ক করা হচ্ছে। বিভিন্ন জেলায় এনডিআরএফের টিম কাজ শুরু করে দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চলে ঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়বে। এই বিষয়টি মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে।
শনিবার সাংবাদিক বৈঠক করেছে আলিপুর হাওয়া অফিস। ফের জানানো হয়েছে, বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর এলাকার মধ্যে দিয়ে বয়ে যাবে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল। উপগ্রহ চিত্রের দিকেও সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications