ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ ধেয়ে আসছে মুম্বইয়ের দিকে! আছড়ে পড়ার পর কোন পথ ধরে এগোবে
ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় আম্ফান ধ্বংসযজ্ঞ চালিয়েছিল দিন ১৫ আগে। তারপর ভারতের পশ্চিম উপকূলে অবতীর্ণ ঘূর্ণিঝড় নিসর্গ। তার আসন্ন আগমন নিয়ে পশ্চিম উপকূল তটস্থ।
ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় আম্ফান ধ্বংসযজ্ঞ চালিয়েছিল দিন ১৫ আগে। তারপর ভারতের পশ্চিম উপকূলে অবতীর্ণ ঘূর্ণিঝড় নিসর্গ। তার আসন্ন আগমন নিয়ে পশ্চিম উপকূল তটস্থ। আরব সাগর দিয়ে ধেয়ে আসা নিসর্গ পশ্চিম উপকূলের কোন জায়গায় আছড়ে পড়বে, কোন পথে বয়ে যাবে, তা নিয়েই চলছে জল্পনা।

মহারাষ্ট্রের উপকূলে হানা
বুধবার সকালে সকাল ৯টা নাগাদই মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১২৫ কিমি বেগে মুম্বইয়ের সন্নিকটেই পশ্চিম উপকূলে আছড়ে পড়বে ঝড়। গোয়া এবং মহারাষ্ট্রের পশ্চিম উপকূল ইতিমধ্যে প্রবল বর্ষণ শুরু হয়েছে। ঝড় বইছে উপকূলবর্তী অঞ্চলে।

কত দূরে আর নিসর্গ
আইএমডির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে ঘূর্ণিঝড়টি এখন মুম্বইয়ের অদূরেই অবস্থান করছে। ১১ কিলোমিটার গতিবেগে মুম্বই অভিমুখে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। মু্ম্বই থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিসর্গ। আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বইয়ে আছড়ে পড়বে আর ১০-১১ ঘণ্টার মধ্যেই।

মুম্বইয়ে বিরল ঝড় আছড়ে পড়ার অপেক্ষা
ভৌগলিক অবস্থানের কারণেই মুম্বইয়ে সাধারণত কোনও ঝড় আছড়ে পড়ে না। মুম্বইয়ে ঝড় আছড়ে পড়া খুব বিরল ঘটনা। ১৩৮ বছর আগে শেষবার ঝড় হয়েছিল মুম্বইয়ে। সেই ঝড়় বোম্বে সাইক্লোন নামে পরিচিত ছিল। সম্প্রতি ঘূর্ণিঝড় বায়ু ২০১৭ সালে গুজরাট উপকূলে হানা দিয়েছিল।

মুম্বইয়ে হানার পর কোন অভিমুখে নিসর্গ
এবার ঘূর্ণিঝড় নিসর্গ মুম্বইয়ে আছড়ে পড়ার পর মহারাষ্ট্রের বুকে তাণ্ডব চালাবে দীর্ঘক্ষণ ধরে। অন্তত দুপুর দুটো পর্যন্ত এই ঝড়ের তাণ্ডব চলবে। এরপর ঝড় ক্রমশ নাগপুরের দিকে চলে যাবে। বৃহস্পতিবার নাগপুরের পাশ দিয়ে বয়ে যাবে এলাহাবাদ অভিমুখে।

ভারতীয় ভূখণ্ডে ঢুকে তিনদিন ভর তাণ্ডব
শুক্রবার এলাহাবাদে পৌঁছে যাবে ঝড়। এই দীর্ঘপথে শক্তি হারিয়ে ফেলবে নিসর্গ। মোট কথা ঝড়টি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত স্থলভাগে থাকবে। ভারতীয় ভূখণ্ডে ঢুকে তিনদিন ভর তাণ্ডব চালিয়ে যাবে। ফলে আম্ফানের পর ফের একবার প্রবল ক্ষতির মুখে পড়বে ভারতের বিভিন্ন প্রদেশ।












Click it and Unblock the Notifications