সোমবার থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন! কয়েকটি জেলার জন্য সতর্কতা জারি হাওয়া অফিসের
পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই ঘূর্ণিঝড় মোথার কোনও প্রভাব পড়ছে না। তবে ঘূর্ণিঝড় মোখার রেশ কাটার পরেই ফের একবার তাপপ্রবাহের পূর্বাভাস কয়েকটি জেলায়। যা নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে বৃষ্টি বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে।
উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। তা আরও ঘনীভূত হবে। শুক্রবার রাতে তা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পরেও সেটি একইদিকে যেতে থাকবে।

১৪ মে দুপুরে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ও উত্তর মায়ানমার উপকূলে আছড়ে পড়ার সময় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ থাকতে পারে্ ঘন্টায় ১৭৫ কিমি। এই সিস্টেমের জন্য পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া আছে। আর কারও জন্য কোনও সতর্কতা দেওয়া নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ১৫ ও ১৬ মে কয়েকটি জেলার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৫ মে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ১৬ মে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

১৩ মে অর্থাৎ শনিবার উপকূলের জেলাগুলির কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায়। ১৪ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়।
উত্তরবঙ্গের ক্ষেত্রে জেলাগুলিতে ১৪ মে থেকে বৃষ্টি শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ১৫ মে থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে এই পাঁচ জেলার সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়।












Click it and Unblock the Notifications