ঘূর্ণিঝড় জাওয়াদের অভিমুখ বদলই ঘুম কেড়েছে আলিপুরের, অশনি সংকেত বাংলা উপকূলে
ঘূর্ণিঝড় জাওয়াদের অভিমুখ বদলই ঘুম কেড়েছে আলিপুরের, অশনি সংকেত বাংলা উপকূলে
ঘূর্ণিঝড় জাওয়াদের ল্যান্ডফল কোথায় হবে? তা নিয়ে ধন্দে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে অভিমুখ বদল হওয়াতেই বাংলা উপকূলে অশনি সংকেত। ঘূর্ণিঝড় জাওয়াদ পুরী ছুঁয়ে বাংলার দিকে এগোতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলার উপকূলবর্তী এলাকা-সহ দক্ষিণবঙ্গে তাই নেমে আসছে দুর্যোগ!

পুরীর কাছে উপকূল স্পর্শ করবে, তবু বিপদ বাংলার
আন্দামান দ্বীপপুঞ্জ থেকে খানিক দূরে গভীর নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সেটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার পুরীর কাছে উপকূল স্পর্শ করবে। আবহবিদদের অনুমান, পুরোপুরি ল্যান্ডফল হবে না পুরীতে। তা উপকূল বরাবর এসে বাংলার দিকে ধেয়ে আসবে।

শক্তি হারালেও বাংলা উপকূলকে ভাসাবে ঘূর্ণিঝড় জাওয়াদ
ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হবে। তারপর তা ভারতের পূর্ব উপকূলের দিকে বয়ে যাবে। ওড়িশা উপকূলে ধাক্কা খেয়ে খানিক শক্তি হারালেও বাংলা উপকূলকে ভাসাতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর ফলে জাওয়াদের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তিনদিন ধরে। সেইসঙ্গে ঝড়ও বয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে।

ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর-পশ্চিম অভিমুখে এসে দিক বদলাবে
বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করা ঘূর্ণিঝড় জাওয়াদের দাপটে বাংলার উপকূল উত্তাল হওয়ার আশঙ্কা থাকছেই। সেই ঘুরে ফিরে বাংলাই টার্গেট হয়ে গেল। ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর-পশ্চিম অভিমুখে এসে দিক বদলাবে। এই দিক বদলেই বাংলার বিপদ ঘনিয়ে এল। ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর-পশ্চিম অভিমুখে এসে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে। তারপর অভিমুখ বদল করে শনিবার সকালে উত্তর-উত্তর পূর্ব দিকে ওড়িশার উপকূল বরাবর এগিয়ে যাবে। রবিবার বিকেল নাগাদ এটি পুরীর কাছে পৌঁছবে। তারপর উপকূল বরাবর এগিয়ে যাবে বাংলার দিকে।

বাংলার উপকূলে ঝড় আছড়ে পড়ার আশঙ্কাই প্রবল
এখন সংশয় হল কোথায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় জাওয়াদ। বাংলার উপকূলে ঝড় আছড়ে পড়ার আশঙ্কা থাকছে। কেননা ঘূর্ণিঝড় পুরী উপকূলে ল্যান্ডফল করবে কি না, তা স্পষ্ট করে জানাতে পারেনি আবহাওয়া দফতর। যদি আরও উপকূল ধরে এগিয়ে আসে তবে বাংলার বিপদ ঘটবে। তখন বাংলার উপকূলে ঝড় আছড়ে পড়ার আশঙ্কাই প্রবল হবে।

ঘূর্ণিঝড় জাওয়াদের সর্বোচ্চ গতিবেগ কত হবে
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আছড়ে পড়ার সময় সমুদ্র উপকূলে ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হবে ১১০ কিলোমিটার ঘণ্টায়। রবিবার আছড়ে পড়ার পর শক্তি হারাবে জাওয়াদ এমনটাই মনে করছেন আবহবিদরা। তার ফলে সোমবার পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।

বাংলার কোথায় কোথায় বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব
ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। অন্তত ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার পাশাপাশি কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহেও।












Click it and Unblock the Notifications