Cyclone Dana: সময়মতো সচল লোকাল ট্রেন-উড়ান পরিষেবা, গঙ্গার জল বেড়ে আপাতত বন্ধই ফেরিঘাট
Cyclone Dana: ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়েছে পরিবহনে। ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিয়ালদহে চালু হল লোকাল ট্রেন পরিষেবা (local train service resume)। প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরেও (Kolkata Airport) চালু হল উড়ান পরিষেবা (Flight operation resume)। যদিও ঝড়বৃষ্টির জেরে এখনও বন্ধ রয়েছে ফেরি পরিষেবা।
পূর্ব নির্ধারিত সময় মেনেই শুক্রবার শিয়ালদহ দক্ষিণে (Sealdah South Section) চালু হল লোকাল ট্রেন। সকাল ১০টা বাজতেই ১৫ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় ডাউন সোনারপুর লোকাল। এরপর একে একে ডায়মন্ড হারবার, ক্যানিং ও লক্ষ্মীকান্তপুরগামী লোকাল ট্রেন ছাড়ে।

ঘূর্ণিঝড়ের কারণে শিয়ালদহ ডিভিশনে শহর ও শহরতলির ১৯০টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করে পূর্ব রেল। বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে হাসনাবাদ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল। রাত ৮টাতে হাসনাবাদ ও শিয়ালদহ দক্ষিণের উদ্দেশ্যে ছেড়ে যায় শেষ ট্রেন।
শুক্রবার সকাল থেকে দূরপাল্লার ট্রেন ঢুকছিল শিয়ালদহে। বিশেষত উত্তরবঙ্গ থেকে অনেকগুলি পরপর ট্রেন ঢোকায় যাত্রীদের ভিড় বাড়ছিল ক্রমেই। কিন্তু লোকাল ট্রেন না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের।
কারও গন্তব্য ক্যানিং, তো কারও ডায়মন্ড হারবার। দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সময়মতো টিকিট কাউন্টার খোলা হয়নি বলে অভিযোগ। পরে কাউন্টার খোলা হলেও টিকিট দেওয়া হয়নি বলেও অভিযোগ জানান যাত্রীদের একাংশ।
ঘূর্ণিঝড়ের কারণে ৬৮টি লোকাল ট্রেন বাতিল করে হাওড়া ডিভিশনও। এদিন সকালে কার্যত জনশূন্য হাওড়া স্টেশন চত্বর। বাতিল করা হয় একাধিক দূরপাল্লার ট্রেনও। হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের পুরী ও দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন বাতিল করা হয়।
এদিকে, প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে চালু উড়ান। সকাল ৮টা ৫০ মিনিটে প্রথম বিমান গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
লোকাল ট্রেন চালু হলেও জলপথে ভোগান্তি। ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্ধ রয়েছে ফেরি পরিষেবা। হাওড়া ও কলকাতার মধ্যে চলছে না লঞ্চ। ভারী বৃষ্টির প্রভাবে বেড়েছে গঙ্গার জলস্তর। তাই ফেরি পরিষেবা আজই চালু না হওয়ার আশঙ্কা।












Click it and Unblock the Notifications