ঘূর্ণিঝড় দানা আসছে, কতটা প্রভাব পড়তে পারে দিঘা, মন্দারমণি উপকূলে
দুর্যোগ ক্রমশ ঘনিয়ে আসছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়া এখন সময়ের অপেক্ষা। ঘূর্ণিঝড় দানা পুরীতে আশপাশে আঘাত হানতে পারে। এই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে। আর এখান থেকেই দুশ্চিন্তা বাড়ছে দিঘা, শঙ্করপুর, তাজপুর উপকূলের। ফিরে আসছে সিভিয়ার সাইক্লোন, যশের স্মৃতি। উসকে দিচ্ছে ফণির ভয়াবহ স্মৃতিও।
বৃহস্পতিবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। পুরী থেকে বাংলার সাগর এই অঞ্চলের মধ্যে কোনও এক জায়গায় ল্যান্ডফল হতে পারে। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় যথেষ্ট প্রভাব পড়ার সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি হবে। এছাড়াও চলবে প্রবল বেগে ঝড়ো হাওয়া। আর সেই বক্তব্যেই দুশ্চিন্তা বাড়ছে দিঘা, শঙ্করপুর উপকূলের বাসিন্দাদের।

যদি কোনওভাবে ঘূর্ণিঝড় আরেকটু অভিমুখ বদল করে, তাহলে পূর্ব মেদিনীপুরের উপকূলের দিকেও ল্যান্ডফল করতে পারে। ঘূর্ণিঝড়ের ঝাপটা কতটা প্রভাত ফেলবে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর এলাকায়? তাই নিয়ে যথেষ্ট কাটাছেঁড়া চলছে? কারণ, পুরী থেকে এই সব অঞ্চলের দূরত্ব খুব একটা বেশি নয়। ফলে পূর্ব মেদিনীপুরের উপকূলের উপর প্রভাব পড়বে। এজন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় সমস্ত বিডিও ও এসডিও দের সঙ্গে বৈঠক করা হচ্ছে। সমস্ত জায়গায় ত্রাণ সামগ্রী মজুত করার কাজ চলছে। নজরদারি করা হবে উপকূলবর্তী এলাকায় বাঁধগুলিতে। পাশাপাশি মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকিং।
মাঝ সমুদ্রে রয়েছে যে সব ট্রলার, তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ পাঠানো হয়েছে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান দিঘা। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞ জারি করা হবে? প্রশাসনের পক্ষ থেকে তাও জানানো হবে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি।
সমুদ্র উপকূলে প্রচার চালানো হচ্ছে। সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ে।












Click it and Unblock the Notifications