সাইক্লোন ‘বুলবুল’ শক্তিশালী হয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগর দিয়ে, ওলট-পালট করে দেবে আবহাওয়া
আরব সাগরে একসঙ্গে দুই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাচ্ছে। এদিকে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরও। আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে।
আরব সাগরে একসঙ্গে দুই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাচ্ছে। এদিকে ঘূর্ণিপাক তৈরি হচ্ছে বঙ্গোপসাগরেও। আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। এই ঘূর্ণিঝড় 'বুলবুল' নাম নিয়ে আছড়ে পড়বে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে। বাংলাতেও এর প্রভাব পড়বে। শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস।

বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন ‘বুলবুল’
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে বদলে যাবে পরিস্থিতি। ‘বুলবুল' তাণ্ডব শুরু করবে ওড়িশা-অন্ধ্র উপকূলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গও ছাড় পাবে না ‘বুলবুলে'র হাত থেকে। আবহবিদরা জানিয়েছে, আন্দামান সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এসে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তা রূপান্তরিত হবে ঘূর্ণিঝড়ে।

সাত নম্বর ঘূর্ণিঝড় হবে ‘বুলবুল’
এ বছর আরব সাগর বা বঙ্গোপসাগরে মোট ছয়টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এবার সপ্তম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আগে বঙ্গোপসাগরে বাসা বেঁধেছে নিম্নচাপ। শীঘ্রই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ‘বুলবুল' নামে ধেয়ে যাসবে বঙ্গোপসাগর দিয়ে। এর অভিমুখ বাংলা ও ওড়িশা-অন্ধ্র উপকূলের দিকে।

২০১৮-র রেকর্ড ভেঙে যেতে পারে
২০১৮ সালে মোট সাতটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। এই বছর নভেম্বর মাসের মধ্যেই ওই সংখ্যাকে ধরে ফেলবে ২০১৯-এ সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়। এখনও প্রায় দু'মাস বাকি বছর শেষ হতে। ফলে ঘূর্ণিঝড়ের সংখ্যা আরও বাড়তে পারে। তখন ২০১৮-র রেকর্ড ভেঙে যাবে। আবহবিদরা জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এত সংখ্যক ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সাগরে।












Click it and Unblock the Notifications