Cyclone Alert: 'রেকর্ড' বেগে বাংলার উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল! জারি আবহাওয়া দফতরের লাল সতর্কতা
Cyclone Alert: বুধবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা উত্তর-পূর্বে সরে গিয়ে এদিন সকালে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায়। আবহাওয়া দফতর মনে করছে এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং ২৪ মে সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরেই তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ মে শনিবার সকাল নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর এই ঘূর্ণিঝড় উত্তর দিকে বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে। ল্যান্ড ফল হতে চলেছে বাংলাদেশে। ছাড় পাবে না পশ্চিমবঙ্গের উপকূলও। ছাব্বিশ মে স্থলভাগে ঢোকার আগে ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগে থেকেই এই ঘূর্ণিঝড়ের নাম 'রেমাল' বলে ঠিক আছে।

বৃষ্টির সতর্কবার্তা
- সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ২৫ মে নাগাদ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
- রবিবার ২৬ মে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে। আর ভারী বৃষ্টি হতে পারে হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। যে কারণে ওইদিন ওইসব জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
- সোমবার ২৭ মে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, হুগলি, হাওড়াও ও পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায়।
ঝড়ের সর্বোচ্চ বেগ
- বৃহস্পতিবার থেকেই দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ ঘন্টায় ৬০ কিমি পর্যন্ত হতে পারে। ২৪ মে নাগাদ মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের বেগ হতে পারে সর্বোচ্চ ঘন্টায় ৭০ কিমি।
- শনিবার ২৫ মে সকাল নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের বেগ হতে পারে সর্বোচ্চ ঘন্টায় ৮০ কিমি। আর ২৬ মে রবিবার উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ১২০ কিমি। যা পরবর্তী ২৪ ঘন্টাতেও বজায় খারা সম্ভাবনা।
- তবে ২৫ মে শনিবার বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৬০ কিমি।
- আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ মে শনিবার উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ৫০ কিমি। তবে ২৬ ও ২৭ মে নাগাদ সেই বেগ আরও বৃদ্ধি পাবে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
- এক সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, ইউ ঝড়ের প্রভাবে আলগা পরিকাঠামোর ক্ষতি হতে পারে। উপকূল এবং সংলগ্ন নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। শহুরে এলাকায় যোগযোগ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। এছাড়াও মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে।
- এর থেকে বাঁচতে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। যানবাহনের গতি পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হবে। গাছ কিংবা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না।
আবহাওয়া দফতরের লাল সতর্কবার্তা
- আবহাওয়া দফতরের তরফে রাজ্যের মৎস্যজীবীদের উদ্দেশে লাল সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, তাঁরা যেন ২৪ মে থেকে ২৭ মের মধ্যে উপকূলে মাছ ধরতে না যান।












Click it and Unblock the Notifications