বীরভূম থেকে মেদিনীপুর, কাটমানি উত্তাপে জেরবার বিভিন্ন জেলায় শাসক দলের কেষ্টবিষ্টুরা
টাকা ফেরত চেয়ে বোলপুরের কঙ্কালীতলায় এদিন বিক্ষোভ দেখায় বাসিন্দারা।
কাটমানি নিয়ে বিক্ষোভ অব্যাহত অনুব্রত মণ্ডলের খাসতালুকে। বাড়ি তৈরি করা প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের জন্য এলাকার পঞ্চায়েত সদস্য মঞ্জু রানী সাহা বাসিন্দাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন বলে অভিযোগ করে সেই টাকা ফেরত দেওয়ার দাবিতে বুধবার সকালে বিক্ষোভ দেখায় । তিনি যে টাকা নিয়েছেন তা চাপের মুখে স্বীকার করেছেন মঞ্জু রানী সাহা। টাকা নিয়ে তার ভাগ তিনি তা দলের কিছু নেতাকে দিয়েছেন তাও জানান তিনি।

টাকা ফেরত চেয়ে বোলপুরের কঙ্কালীতলায় এদিন বিক্ষোভ দেখায় বাসিন্দারা। শুধুমাত্র কঙ্কালীতলায় নয় এদিন টাকা ফেরত চেয়ে বীরভূম জেলার পাড়ুই এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা নন্দ ঘোষের বিরুদ্ধেও বিক্ষোভ দেখায় বাসিন্দা রা। এই তৃণমূল কংগ্রেস নেতা অবশ্য সব কিছু তার বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেছেন।
শুধুমাত্র বীরভূম জেলায় নয়, বিক্ষোভ হয় মূর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। এখানের ইন্দ্রপ্রস্থ এলাকায় হাতিনগর ২ গ্রাম পঞ্চায়েত সদস্য শ্যামুয়েল টুডু র বাড়ি ঘিরে ধামসা মাদল বাজিয়ে বিক্ষোভ দেখায় আদিবাসীরা।
তাদের অভিযোগ পেশায় শিক্ষক এই শ্যামুয়েল তাদের কাছে বাড়ি তৈরি প্রকল্পে প্রত্যেকের কাছ থেকে দশ হাজার টাকা করে নিয়েছে। এই টাকা ফেরত চান তারা। তবে এদিন বাড়িতে ছিলেন না শ্যামুয়েল।
অন্যদিকে, মেদিনীপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তীর নামে ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই নেতা অনেকের কাছে টাকা নিয়েছেন বলে দাবি করে এলাকার বাসিন্দাদের নাম দিয়ে এঈ ফেস্টুন দেওয়া হয়। সেখানে নির্মাল্য চক্রবর্তীকে ঘুষখোর বলে জানতে চাওয়া হয়েছে এই টাকা কবে ফেরত দেওয়া হবে। নির্মাল্য অবশ্য দাবি করেন যে বিজেপি তার নামে অপপ্রচার চালাচ্ছে।
মেদিনীপুরের কোতোয়ালি থানায় মেদিনীপুর পুরসভার আরেক বিদায়ী কাউন্সিলর মৌ রায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ও এই তৃণমূল কংগ্রেস নেত্রীর নামে থানায় অভিযোগ করেন বিদ্যুৎ ঘোষ নামের এক ব্যক্তি।
মেদিনীপুরের বিধাননগরের বাসিন্দা বিদ্যুৎ ঘোষ দাবি করেন যে তিনি ইমারতি ব্যবসায়ী ও মৌ রায় বাড়ি তৈরি করতে অনুমতি দিতে তার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন।
যদিও মৌ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে থানায় পালটা অভিযোগ দায়ের করেন।
কোতোয়ালি থানার আই সি শৈলেন বিশ্বাস জানান পুলিশ অভিযোগের তদন্ত করে দেখছে।












Click it and Unblock the Notifications