নিজস্ব মত প্রচারে আলাদা টিভি চ্যানেল খুলছে সিপিএম

কেমন হবে এই টিভি চ্যানেল? দলীয় সূত্রে খবর, খবরের চ্যানেল যেমন হয়, তেমনই হবে। পেশাদারি পথে চলবে এই চ্যানেল। সিপিএম তথা বামফ্রন্টের সমর্থনে প্রচার চালাবে চ্যানেলটি। এ জন্য দলের পক্ষ থেকে গঠন করা হচ্ছে 'ডেমোক্র্যাটিক পিপলস মিডিয়া প্রাইভেট লিমিটেড' শীর্ষক একটি সংস্থা। সরাসরি দলের নাম রাখলে আইনি জটিলতা হতে পারে, এটা ভেবে এমনই নামকরণ করা হয়েছে। ঠিক হয়েছে, সিপিএমের নিজস্ব টিভি চ্যানেল হলেও দল আড়ালে থাকবে। পিছন থেকে অর্থ ও সমর্থন জোগাবে। দলের পরিচিত কোনও মুখ বা বড় নেতাকে তাই সামনাসামনি চ্যানেলের দায়িত্ব দিচ্ছে না সিপিএম।
কেন এই চ্যানেল করার চিন্তাভাবনা? নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিপিএম নেতা জানান, পশ্চিমবঙ্গে দল এখন কোণঠাসা। 'গণশক্তি' রয়েছে দলের কথা তুলে ধরার জন্য। কিন্তু আধুনিক যুগে টিভি চ্যানেল হল খবরের কাগজের চেয়েও বড় হাতিয়ার। দেশের সব বড় বড় মিডিয়া গোষ্ঠীর তাই খবরের কাগজের পাশাপাশি টিভি চ্যানেল রয়েছে। সিপিএম নেতাদের বক্তব্য, দল যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, তখন 'বুর্জোয়া' টিভি চ্যানেলগুলি তাদের বিরুদ্ধে লাগাতার প্রচার করে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। এখন তো আরও খারাপ অবস্থা। তাই সর্বক্ষণ নিজেদের কথা তুলে ধরতে আলাদা টিভি চ্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটের মাথারা।
ঠিক হয়েছে, কলকাতাতে থাকবে টিভি চ্যানেলটির মূল অফিস। এ ছাড়া, একদা সিপিএমের শক্ত ঘাঁটি বর্ধমানে খোলা হবে ব্যুরো অফিস। কলকাতায় কোথায় অফিস হবে, তা এখনও জানা যায়নি। চলতি বছরেই চ্যানেলটি কাজ শুরু করবে।












Click it and Unblock the Notifications