এবার দুয়ারে সিপিএম! বিধানসভায় ভ্যানিশ হয়ে বাংলার ঘরে ঘরে ‘চিঠি’ই ফেরার সোপান
একুশের বিধানসভা নির্বাচনে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে সিপিএম। এই প্রথম কোনও বাম প্রতিনিধি নেই রাজ্য বিধানসভায়। তৃণমূল ও বিজেপির ধাক্কায় সিপিএম একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে বাংলা থেকে।
একুশের বিধানসভা নির্বাচনে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে সিপিএম। এই প্রথম কোনও বাম প্রতিনিধি নেই রাজ্য বিধানসভায়। তৃণমূল ও বিজেপির ধাক্কায় সিপিএম একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে বাংলা থেকে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এবার বদ্ধপরিকর সিপিএম তথা বামফ্রন্ট। ফিরতে চাইছে বাংলার ঘরে ঘরে।

‘দুয়ারে সিপিএম', ফিরে আসার সোপান
সিপিএম এবার নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বাংলায় প্রাসঙ্গিকতা ফিরে পেতে। এই কর্মসূচি হল 'দুয়ারে সিপিএম'। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা চাইছেন মানুষের ঘরে ঘরে পৌঁছতে। তাই এবার সিপিএমের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে চিঠি পাঠানো হবে। এর মাধ্যমে তারা শুধু জনসংযোগ বাড়াতেই সফল হবে না, মানুষের কাছে নিজেদের অস্বিত্বও তুলে ধরতে পারবে।

সিপিএমের চিঠিতে কী লেখা থাকবে?
চিঠিতে লেখা থাকবে একরাশ স্বীকারোক্তি, থাকবে মানুষের প্রশ্নের কিছু জবাব। কেন তাঁরা হারিয়ে গিয়েছেন বাংলার মন থেকে, কেন তাঁদের বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। কেন বাংলার মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় ফিরিয়ে এনেছে, তার ব্যাখ্যা থাকবে চিঠিতে। আর লেখা থাকবে কীভাবে সিপিএম আবার বাংলার রাজনীতিতে ফিরে আসতে পারে।

সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাবে চিঠি
এই চিঠিতে এমন প্রতিশ্রুতিও থাকবে যে, কীভাবে ফের বাংলায় সিঙ্গুরের প্রস্তাবিত কারখানার মতো একটি শিল্প গড়ে তোলা যায়। কীভাবে বাংলার যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। সাধারণ মানুষের বাড়ি বাড়ি চিঠি পাঠিয়ে মানুষের কাছে তাঁরা ভুল স্বীকার করে সঠিক পথের দিশা দেখাবেন। এমনই প্রতিশ্রুতি থাকবে তাঁদের চিঠিতে।

কেউ যদি মনে করেন, উত্তর দিতে পারেন
সিপিএম পথ খুঁজে বের করতে চাইছে। বিধানসভা থেকে ভ্যানিশ হলেও যে, তাঁরা এখনও বাংলার রাজনীতিতে মুছে যায়নি, তার প্রমাণ দিয়েই ফিরে আসার লড়াই শুরু করছে সিপিএম। এই চিঠির উত্তর দিতেই হবে, এমন কোনও বাধ্য-বাধকতা নেই। কেউ যদি মনে করেন, উত্তর দিতে পারেন চিঠির। হাতে লিখে, টাইপ করে কিংবা হোয়াটস অ্যাপ করে তাঁরা উত্তর দিতে পারেন।












Click it and Unblock the Notifications