একক শক্তিতে লড়াইয়ে বামফ্রন্ট! ১৫ থেকে ১৬টি ওয়ার্ডে কংগ্রেস কিংবা আইএসএফকে সমর্থনের ইঙ্গিত
সংযুক্ত মোর্চা নয়, আগামী কলকাতা পুরসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করবে বামফ্রন্ট। কিন্তু ফ্রন্টের মধ্যেই বেশ কিছু সমস্যা রয়েছে। আর তা কাটিয়ে পূর্ণ শক্তিতে পুরসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। এমন বামদের তরফে জানানো হল।
কলকাতা পুরভোটের দামামা। বৃহস্পতিবারই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে কার্যত চমকে দিল বামফ্রন্ট।

মুলত ভোট ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে প্রত্যেকবারেই চমকে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রীতিতে এবার দাঁড়ি টেনে দিল ফ্রন্ট।
কলকাতা জেলা বামফ্রন্টের তরফে এদিন প্রার্থী তালিকা প্রকাশ করেন কল্লোল মজুমদার। কার্যত ফ্রন্টের মধ্যে অনেক মনমালিন্য আছে বলে প্রথমেই স্বীকার করে নেন তিনি। শুধু তাই নয়, একাধিক বিষয়েও ঘাটতি রয়েছে বলেও মেনে নেন তিনি। যদিও আলাপ-আলোচনার মাধ্যমে ফ্রন্টের মধ্যে চলা অসন্তোষ মিটিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেন বামনেতা।
তবে সাধারণ মানুষের ফ্রন্টের প্রতি যে চাহিদা রয়েছে সেখানে ঘাটতি থাকলেও সেটাও মিটিয়ে ফেলার বার্তা কল্লোলবাবুর মুখে।
তবে এবার পুরসভা নির্বাচনে রণকৌশল বদলের কথা বলেন ওই বামনেতা। তিনি জানান, আগামী পুরসভা নির্বাচনে ১৪৪ টি আসনের মধ্যে বেশির ভাগ আসনেই প্রার্থীর নাম ঘোষণা করা হয় ফ্রন্টের তরফে। বামেদের তালিকাতে এবার ৫৬ জন মহিলা, ৫৮ জন পুরুষ এবং ১৭ জন সংখ্যালঘু প্রার্থী রয়েছে। তবে শেষ পুরসভা নির্বাচনে বামেদের মহিলা প্রার্থীর থেকে এবার অনেক বেশি মহিলা প্রার্থীর সংখ্যা।
পাশাপাশি বেশ কয়েকটি আসনে নাম ঘোষণা না হওয়ার কারন কল্লোলবাবু বলেন, ওই সমস্ত আসনে শরিক দলগুলির সঙ্গে আরও বেশ কয়েক দফায় আলোচনা প্রয়োজন। আর তা করেই জানিয়ে দেওয়া হবে। তবে এদিন তাৎপর্যপূর্ণ ভাবে তালিকার বেশ কয়েকটি আসনে প্রার্থী দেয়নি বামেরা।
সেই প্রসঙ্গে বামনেতার দাবি, অনেক জায়গা আছে সেখানে বামেরা সেই অর্থে শক্তিশালী নয়। সেখানে যে বা যারা শক্তিশালী তাঁদেরকে বামেরা পূর্ণ সমর্থন জানাবে বলে জানিয়েছেন কল্লোল মজুমদার। সেক্ষেত্রে কংগ্রেস কিংবা আইএসএফ হলেও বামেরা প্রকাশ্যে তা জানিয়ে সমর্থন করবে বলে জানিয়েছেন তিনি। বামনেতার মতে, বিজেপি এবং তৃণমূল সমান ভাবে আমাদের শত্রু। যে জায়গাতে যে দল এই দুজনকেই হারানোর ক্ষমতা রাখে সেখানে তাঁকেই ফ্রন্ট সমর্থন করবে।
তবে জোট প্রসঙ্গে কল্লোলবাবুর মতে, অতীতে দেখা গিয়েছে এই জোট করতে গিয়ে যা ঘটে তাতে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ঘটে। আর তাই এবার রণকৌশলে বদল আনা হয়েছে। তাঁর মতে, বামফ্রন্ট কোথায় কোথায় নিজের শক্তিতে লড়তে পারে, সেটা আগে স্থির করা হবে। আমরা কোথায় ভাল লড়তে পারব, সেটা আগে দেখা হবে। এরপর পরের আলোচনা। অর্থাৎ আগামী কলকাতা পুরসভাতে একক শক্তিতেই লড়তে চলেছে বামেরা।
অন্যদিকে কেন শুধু একটা পুরসভাতে ভোট হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা হয় বামেদের তরফে।












Click it and Unblock the Notifications