সিপিএম-এর দখলে থাকা ওয়ার্ডের কাজে কাটমানির অভিযোগ! অনুব্রত গড়ে অডিও প্রকাশে চাঞ্চল্য
দেরিতে হলেও কাটমানি নিয়ে জোরদার আন্দোলন শুরু করেছেন সিপিএম। এবার তারা প্রকাশ করল একটি অডিও টেপ।
দেরিতে হলেও কাটমানি নিয়ে জোরদার আন্দোলন শুরু করেছেন সিপিএম। এবার তারা প্রকাশ করল একটি অডিও টেপ। সেখানে বীরভূমের রামপুরহাট পুরসভায় তাদের দখলে থাকা ১৭ নম্বর ওয়ার্ডে কাটমানি নিয়ে কথোপকথন রয়েছে। সিপিএম-এর দাবি, কথোপকথন তৃণমূলের। যদিও তৃণমূল এই দাবি অস্বীকার করেছে। ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি সেই অডিও টেপের সত্যতা যাচাই করেনি।

বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে সিপিএম-এর তরফে। তাঁদের দাবি কথোপকথনে একজন হলেন রামপুরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জামালউদ্দিন। অপরজন হলেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী সৌমেন ভকত। তিনি আবার রামপুরহাট শহরের তৃণমূলের কার্যকরী সভাপতিও বটে। যদিও তাঁর দাবি অডিও টেপের কথোপকথন তাঁর নয়। এর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
বিষয়টি নিয়ে রামপুরহাট থানার সামনেই বড় বিক্ষোভসভার আয়োজন করেছিল সিপিএম।
দিন দুয়েক আগে কাটমানি নিয়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের পণ্ডিতপোঁতা ২ নম্বর পঞ্চায়েত অফিসে সিপিএম ব্যাপাক ভাঙচুর চালায় বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি পঞ্চায়েতের মহিলা প্রধানকে কুরুচিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications